সোমবার, ০৮ জুন ২০২৬ , ০৪:১৪ পিএম
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার ভালো ক্রিকেট খেলে ম্যাচ জেতা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
মঙ্গলবার (৯ জুন) ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে সোমবার (৮ জুন) সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়া বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে। তাই এই সুযোগ কাজে লাগাতে চায় টাইগাররা।
মিরাজ বলেন, আমরা সর্বোচ্চ ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। সবাই ভালো ফর্মে আছে, ব্যাটার ও বোলাররা ভালো ছন্দে রয়েছে। ডিপিএলেও সবাই ভালো খেলেছে। অস্ট্রেলিয়া অনেক বছর পর আমাদের সঙ্গে সিরিজ খেলতে এসেছে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পারলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে।
অস্ট্রেলিয়া পূর্ণশক্তির দল ঘোষণা করলেও ইনজুরির কারণে মিচেল মার্শ ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। এছাড়া বিশ্রামে রয়েছেন ট্রেভিস হেড। তবে প্রতিপক্ষের অনুপস্থিত খেলোয়াড়দের নিয়ে বেশি ভাবতে নারাজ বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেন, ওদের দুজনের না আসার বিষয়টি আমরা জেনেছি। তবুও আমরা দল হিসেবেই চিন্তা করছি। অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল। আমরা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালনের চেষ্টা করব। ওদের নিয়ে বেশি না ভেবে নিজেদের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দেব।
সিরিজের পরিকল্পনা সম্পর্কে এক কথায় মিরাজের মন্তব্য, আমাদের একটাই পরিকল্পনা ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে।
এদিকে সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন শন টেট। এ প্রসঙ্গে মিরাজ বলেন, স্থানীয় কোচদের জন্য এটি বড় সুযোগ। তার মতে, স্থানীয় কোচরাও যথেষ্ট যোগ্য এবং সুযোগ কাজে লাগাতে পারলে তা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল এখন মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ দিতে মুখিয়ে আছে।
আরটিভি/এসকে