বুধবার, ১০ জুন ২০২৬ , ০২:২৬ পিএম
ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ঘিরে আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলায় উভয় আসামিকে খালাস দিয়েছেন আদালত। খালাস পাওয়ার পর বুধবার (১০ জুন) দুপুর ১টা ৪৪ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নাসির হোসেন।
পোস্টে ক্রিকেটার নাসির হোসেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হারতে দেন নাই। অবশেষে সত্যের জয় হলো।’
তিনি লিখেছেন, ‘আইনের প্রতি শুরু থেকেই আস্থা ছিল, তাই আইনের প্রতি সম্মান রেখে বলছি—ধন্যবাদ। শুধুমাত্র সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু বিচার কার্যকর করার জন্য।’
সবশেষে নাসির লিখেছেন, ‘সকল প্রকার মিথ্যা অপপ্রচার এবং মনগড়া কাহিনিকে উপেক্ষা করে, সত্যকে প্রাধান্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আদালতকে অসংখ্য ধন্যবাদ।’
উল্লেখ্য, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তারা উভয়ই আদালতে হাজির ছিলেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন।
তবে এই রায়ে সংক্ষুব্ধ বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান। তিনি, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। রায় ঘোষণার পরে তিনি অভিযোগ করে বলেন, কয়েকদিন ধরে আসামিপক্ষ বিভিন্নভাবে বলেছেন এ রায়ে তারা খালাস পেতে যাচ্ছেন। তবুও আইনের প্রতি আস্থা নিয়ে আমরা মামলাটি চালিয়েছি। এমনকি মামলার বাদী বিভিন্ন সময়ে আমাকে বলেছে যে, তার টাকা নেই। আমি তাকে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছি। মামলাটি পিবিআই তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে।
আইনজীবী ইসরাত হাসান বলেন, এভাবে যদি একজন ব্যভিচারিকে এবং জালিয়াতিকে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে সেটা বাদীর সঙ্গে অন্যায়ের শামিল।
আজ রায় ঘোষণার আগে নাসির-তামিমা বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে আদালতে হাজির হন।
পরে রায় ঘোষণা শেষে পুলিশি পাহারায় ব্যাপক ভিড়ের মধ্যে তাদেরকে নিরাপত্তার জন্য সিএমএম কোর্টের ভেতরের হাজতখানায় নিয়ে কিছুক্ষণ রাখা হয়। পরে তারা সেখান থেকে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।
রায় ঘোষণার সময় আদালতে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলুসহ কয়েকজন উপস্থিত ছিলেন। আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী রাকিবও।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
আরটিভি/এমএ