বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ১১:০১ এএম
২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফির নতুন সূচির কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, তবে ওয়ানডে সিরিজ অপরিবর্তিত থাকছে।
আগামী অক্টোবরে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী এখন শুধুমাত্র তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।
সম্প্রতি আইসিসি ২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি জুন-জুলাই থেকে পরিবর্তন করে ফেব্রুয়ারিতে নির্ধারণ করে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট সূচির সমন্বয় করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি সিরিজের পরিবর্তে অক্টোবরে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে অস্ট্রেলিয়া। পরে মার্চে ওয়ানডে সিরিজ খেলতে আবারও অস্ট্রেলিয়া সফর করবে নিউজিল্যান্ড নারী দল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ বলেন, নারী চ্যাম্পিয়নস ট্রফির নতুন সূচির পর দল, সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও দর্শকদের জন্য সবচেয়ে কার্যকর সমাধান বের করতেই এই পরিবর্তন আনা হয়েছে। এ সময় তিনি বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সহযোগিতারও প্রশংসা করেন।
সূচি পরিবর্তনের ফলে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত হলেও নির্ধারিত ওয়ানডে সিরিজ যথাসময়ে অনুষ্ঠিত হবে।
আরটিভি/এসকে