images

খেলা / ফুটবল

বিশ্বকাপের স্বপ্ন শেষ, হতাশায় অবসরের ঘোষণা

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০৯:১০ এএম

চোটের কারণে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাপান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ওয়াতারু এন্দো। বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশা থেকেই ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলকে বিদায় জানান।

আগামী রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র তিন দিন আগে নিশ্চিত হয়, পায়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপে অংশ নিতে পারবেন না এন্দো।

২০২৬ বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে খেলছে জাপান। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া। ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পান এন্দো। সেই চোটের কারণে মৌসুমের বাকি অংশে মাঠের বাইরে থাকতে হয় তাকে। গত ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিরলেও দ্বিতীয়ার্ধে অস্বস্তি অনুভব করায় আর খেলা চালিয়ে যেতে পারেননি।

বিশ্বকাপে খেলার আশা ছাড়েননি এন্দো। এমনকি গত সোমবার ন্যাশভিলে জাপান দলের বেস ক্যাম্পেও যোগ দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত চিকিৎসক ও কোচিং স্টাফের মূল্যায়নে বিশ্বকাপে তার অংশগ্রহণ অসম্ভব হয়ে পড়ে।

অবসরের ঘোষণা দিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এন্দো লিখেছেন, “ভবিষ্যতে নিশ্চয়ই এমন সময় আসবে, যখন জাপান বিশ্বকাপ জিতবে। সেই বিশ্বাস নিয়েই দলকে সমর্থন দিয়ে যেতে হবে। আমি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে একজন সমর্থক হিসেবে জাপানকে উৎসাহ দেব।”

তিনি আরও বলেন, ইনজুরির পর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই কোনো আক্ষেপ নেই। তবে বিশ্বকাপে খেলতে না পারার কষ্ট অবশ্যই রয়েছে। কাতার বিশ্বকাপে এই দলের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। তখন আমরা এমন একটি মানসিকতা গড়ে তুলেছিলাম, যেখানে বিশ্বকাপ জয়ই ছিল আমাদের লক্ষ্য।

২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া এন্দো জাপানের হয়ে ৭৩টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ৪টি গোল। তিনি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। বিশেষ করে কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে আলোড়ন তোলা জাপান দলের অন্যতম নেতা ছিলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

আরও পড়ুন
GILBERTO-MORA-MEXICO

৯৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ইতিহাসে মেক্সিকোর মোরা

জাতীয় দল থেকে অবসর নিলেও জাপানের ফুটবল ইতিহাসে একজন অনুপ্রেরণাদায়ী অধিনায়ক হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন ওয়াতারু এন্দো।

আরটিভি/এসকে