images

খেলা / ফুটবল

ইরানের বিশ্বকাপ অনুশীলন ভেন্যুর কাছে গাড়ি থেকে মরদেহ উদ্ধার

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৮:৫৯ এএম

মাদক চক্রের সহিংসতায় দীর্ঘদিন ধরে আলোচিত মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায় ইরানের বিশ্বকাপ ফুটবল দলের অনুশীলন ভেন্যুর কাছ থেকে একটি পচনধরা মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।  

স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) কালিয়েন্তে স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত একটি সুপারমার্কেটের পার্কিং লটে রাখা একটি গাড়ির ট্রাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন। 

এএফপির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার নম্বরপ্লেটযুক্ত ধূসর রঙের একটি টয়োটা এসইউভি কয়েক দিন ধরে পার্কিং এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটির ট্রাঙ্ক খুললে কালো ব্যাগে মোড়ানো এক ব্যক্তির মরদেহ দেখতে পায়।

পরে সাদা সুরক্ষামূলক পোশাক পরিহিত অপরাধ তদন্ত বিশেষজ্ঞরা গাড়িটি পরীক্ষা-নিরীক্ষা করে মরদেহটি উদ্ধার করেন।

তিহুয়ানার প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, একটি টহল ইউনিট প্রথমে গাড়িটির ভেতরে মরদেহ থাকার বিষয়টি শনাক্ত করে। প্রসিকিউটর দপ্তরের এক মুখপাত্র বলেন, ট্রাঙ্কে পাওয়া মরদেহে সহিংসতার স্পষ্ট চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটি বুধবার থেকে সেখানে ফেলে রাখা হয়েছিল।

সাম্প্রতিক দিনগুলোতে তিহুয়ানায় তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল এবং দীর্ঘ সময় ধরে তীব্র রোদ ছিল, যা মরদেহের দ্রুত পচনের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইরান জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ প্রস্তুতি ঘিরে সম্প্রতি নিরাপত্তা উদ্বেগ দেখা দেয়। শুরুতে দলটির অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে করার পরিকল্পনা থাকলেও চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তা পরিবর্তন করে মেক্সিকোতে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন
neymar

বিশ্বকাপে নেইমারকে নিয়ে শঙ্কা!

বর্তমানে ইরান দলকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। সশস্ত্র নিরাপত্তা বাহিনীর পাহারায় দলটিকে হোটেল ও স্টেডিয়ামের মধ্যে আনা-নেওয়া করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার মরদেহ সরিয়ে নেওয়ার কয়েক মিনিট পরই ইরান দল স্টেডিয়াম ত্যাগ করে।

সরকারি তথ্য অনুযায়ী, তিহুয়ানায় গত বছর ১ হাজার ২০০টির বেশি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে। সীমান্তবর্তী এ শহরটি মেক্সিকোর অন্যতম সহিংস অঞ্চল হিসেবে পরিচিত।


আরটিভি/এসকে