images

খেলা / ফুটবল

ক্যাটি পেরি-আনিতাদের জমকালো পরিবেশনায় বিশ্বকাপকে বরণ করল যুক্তরাষ্ট্র

শনিবার, ১৩ জুন ২০২৬ , ১১:২৯ এএম

লস অ্যাঞ্জেলেসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ফিফা বিশ্বকাপ ২০২৬-এর তৃতীয় ও শেষ উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো ও কানাডার পর এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আয়োজন বিশ্বকাপের উৎসবকে আরও রঙিন করে তোলে। উদ্বোধনী অনুষ্ঠানের পরই মাঠে গড়ায় ‘ডি’ গ্রুপের বহুল প্রতীক্ষিত ম্যাচ, যেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্র মুখোমুখি হয় প্যারাগুয়ের।

image

লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় সংগীতশিল্পীরা। মার্কিন পপ তারকা ক্যাটি পেরি, র‍্যাপ শিল্পী ফিউচার, ব্রাজিলের গায়িকা আনিতা, দক্ষিণ কোরিয়ার শিল্পী লিসা, নাইজেরিয়ার আফ্রোবিট তারকা রেমা এবং দক্ষিণ আফ্রিকার সংগীতশিল্পী টাইলা সবাই মিলে জমিয়ে তোলেন অনুষ্ঠানটি। বিশ্বজুড়ে কোটি দর্শকের সামনে তাদের পরিবেশনা রূপ নেয় এক বৈশ্বিক সাংস্কৃতিক উৎসবে।সেই সাথে তাদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

বিশ্বকাপের স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্রের জন্য এবারের আসরটি বিশেষ গুরুত্ব বহন করছে। ১৯৯৪ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে দেশটি। তাই উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবলের পাশাপাশি সংস্কৃতি, সঙ্গীত এবং বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরার চেষ্টা করেন আয়োজকরা।

image

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের নির্বাচন করা হয়েছে যুক্তরাষ্ট্রের বহুসাংস্কৃতিক পরিচয় এবং অভিবাসী সমাজের বৈচিত্র্যকে তুলে ধরার লক্ষ্যেই। তার ভাষায়, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি সংস্কৃতি, সঙ্গীত ও ঐক্যের এক বৈশ্বিক উদযাপন।

উদ্বোধনী পর্ব শেষ হওয়ার পরই শুরু হয় মাঠের উত্তেজনা। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল লাতিন আমেরিকার দল প্যারাগুয়ে। এর আগে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র ২-১ গোলে হারিয়েছিল প্যারাগুয়েকে। সেই আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে স্বাগতিকরা।

অন্যদিকে, ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে ফিরেছে প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ষষ্ঠ স্থান অর্জন করে মূল আসরে জায়গা করে নেওয়া দলটি এবারও চমক দেখানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামে।

image

বিশ্বকাপ ইতিহাসে দুই দলের মুখোমুখি হওয়ার ঘটনাও বেশ বিরল। ১৯৩০ সালের প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের। প্রায় এক শতাব্দী পর আবারও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মুখোমুখি হলো দুই দল।

জমকালো উদ্বোধনী আয়োজনের পর এখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের দৃষ্টি মাঠের লড়াইয়ে। স্বাগতিক দর্শকদের প্রত্যাশা, উৎসবের আবহ মাঠের পারফরম্যান্সেও ধরে রাখবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা প্যারাগুয়ে চাইবে তাদের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে।

আরটিভি/এসকে