images

খেলা / ফুটবল

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে দর্শক হয়ে মাঠে থাকবেন নেইমার

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০১:৫৮ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার (১৪ জুন) ভোর রাত ৪টা নিজেদের অভিযান শুরু করবে ব্রাজিল। তবে দলের অন্যতম তারকা নেইমার প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

৩৪ বছর বয়সী নেইমার বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও কাফ মাংসপেশির চোটের কারণে এখনও পুরোপুরি সুস্থ নন। শুরুতে তার ক্লাব সান্তোস পায়ে হালকা ফোলাভাবের কথা জানালেও পরে জানা যায়, তার কাফের পেশি ছিঁড়ে গেছে। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে দলীয় অনুশীলনে ফিরতে পারবে।

নেইমারকে দলে রাখার কারণ ব্যাখ্যা করে ব্রাজিল কোচ আরও বলেন, শুধু তার ফুটবল প্রতিভার জন্য নয়, তার অভিজ্ঞতাও দলের জন্য গুরুত্বপূর্ণ। তরুণ খেলোয়াড়দের জন্য সে অনুপ্রেরণা ও অনুসরণযোগ্য উদাহরণ।

জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নেইমার এখনও পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিচ্ছেন না। সতীর্থদের সঙ্গে সীমিত অনুশীলন করছেন এবং বেশিরভাগ সময় কাটাচ্ছেন ফিজিওথেরাপিতে। সম্প্রতি জিমে ব্যক্তিগত অনুশীলনের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন
BRAZIL

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সবকিছু মিলিয়ে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে মাঠে নয়, দর্শক কিংবা বেঞ্চের ভূমিকাতেই দেখা যেতে পারে। তবে আগামী ম্যাচগুলোতে তার ফেরার সম্ভাবনা নিয়ে আশাবাদী ব্রাজিল শিবির।

আরটিভি/এসকে