শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৪:৪১ পিএম
ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। সেই সঙ্গে অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে টাইগার সামনে। আর এই সুযোগ কাজে লাগাতে পারলে সেটা বড় অর্জন হবে বলে জানিয়েছেন সৌম্য সরকার।
শনিবার (১৩ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
সৌম্য বলেন, হোয়াইটওয়াশ অবশ্যই অনেক বড় অর্জন হবে। যখন সিরিজ জিতেছি, এটাই অনেক বড় অর্জন। এটাই অনেক বড়ভাবে উদযাপন করা উচিৎ ছিল। ৩-০ ব্যবধানে জিততে পারলে আরও বড় অর্জন হবে। আমাদের সবার লক্ষ্যও থাকবে এটা। ইতিবাচক ক্রিকেট খেলব। যারা তিন বিভাগেই ভালো করবে, তারাই জিতবে।
অনেক দিন পর একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য। এমন হঠাৎ হঠাৎ ম্যাচ খেলা চাপের কি না প্রশ্নের জবাবে সৌম্য বলেন, শুধু আমার জন্য না, যেকোনো ক্রিকেটার যখন হুট করে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যায় চাপ থাকে। শুধু আমার জন্য না। আমরা ক্রিকেটার, খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী দলকে ভালো কিছু উপহার দিতে হবে।
দলে না রাখলে ক্রিকেটারদের সেটার ব্যাখ্যা দেওয়া হয় কি না? এমন প্রশ্নে সৌম্য বলেন, এখন অনেক ভালো। এখন অনেক ক্লিয়ার থাকে সবাই। জানানো বা বোঝানোর চেষ্টা করে কী কারণে হচ্ছে। দলেরও লক্ষ্য আছে, সেটার মধ্য দিয়েই সবাই যাচ্ছে।
দলের অনেক তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। মাঠে নেমে স্টার্ক-কামিন্সদের অভাব হাড়েহাড়ে টের পাচ্ছে অজিরা। মিরপুরে টাইগারদের বিপক্ষে টানা দুই ম্যাচেই বিধ্বস্ত হয়েছে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল দলটি।
টানা দুই ম্যাচ জিততে অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ওয়ানডেতে অজিদের ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা।
ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানসহ সেরা দশে থাকা প্রায় প্রতিটি দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তবে অপেক্ষা ছিল কেবল অস্ট্রেলিয়ার জন্য। ২০০৫ সালে প্রথমবার ত্রিদেশীয় সিরিজে অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল টাইগাররা। এরপর ২০১৭ সালে টেস্টে জয় ও ২০২১ সালে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
কিন্তু মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানেডে সিরিজ জয়ের অপেক্ষায় ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই অপেক্ষা শেষ হলো, ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ জিতে সিরিজ ঘরের তুলেছে মিরাজ বাহিনী।
আরটিভি/এসআর