রোববার, ১৪ জুন ২০২৬ , ০৬:৩৭ পিএম
জিম্বাবুয়ে ‘এ’ দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে প্রথম চার দিনের ম্যাচের জন্য ১৭ সদস্যের ‘বাংলাদেশ ইমার্জিং’ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়।
এই ম্যাচের স্কোয়াডে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা তরুণদের প্রধান্য দেওয়া হয়েছে।
সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিজয়। শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের ১১৫ বলে ১৪১ রানের ইনিংস খেলেন তিনি।
এই ইনিংসে ভর করে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫তম সেঞ্চুরিতে তামিম ইকবালকে ছাড়িয়ে যান তিনি। ৩২০ ইনিংস খেলে ২৪ সেঞ্চুরি ক্যারিয়ার শেষ করেছেন তামিম। ৮৬ ইনিংস কম খেলেই তাকে টপকে গেলেন এনামুল। এবার ডাক পেলেন জিম্বাবুয়ে সিরিজে।
এ ছাড়াও দলে আছেন জাকির হাসান, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক এবং ইনজুরি কাটিয়ে ফেরা পেসার এবাদত হোসেনের মতো পরিচিত মুখ।
বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড: মাহফিজুল ইসলাম, জাকির হাসান, অমিত হাসান, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, শাহাদাত দিপু, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, নাঈম হাসান, হাসান মুরাদ, রবিউল হক, মুশফিক হাসান, এনামুল হক, ইকবাল হাসান ইমন, প্রীতম কুমার, নাঈম আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন।
উল্লেখ্য, আগামী ১৭ জুন থেকে ২০ জুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আরটিভি/এসআর