images

খেলা / ফুটবল

ইয়াসিনের জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

সোমবার, ১৫ জুন ২০২৬ , ১১:০৪ এএম

বিশ্বকাপের মঞ্চে জোড়া গোল করে সুইডেনের বড় জয়ের নায়ক হয়েছেন তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। তবে বাবার জন্মভূমি তিউনিশিয়ার বিপক্ষে গোল করেও উচ্ছ্বাসে মাতেননি তিনি। বরং গোলের পর সিজদায় লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন, যা ম্যাচ শেষে আলোচনার অন্যতম বিষয় হয়ে ওঠে।

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে ৫-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে সুইডেন। দলের হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। এছাড়া একটি করে গোল করেন আলেক্সান্দার ইসাক, ভিক্টর ইয়োকেরেস ও মাটিয়াস সভানবার্গ।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সুইডেন। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন ২২ বছর বয়সী আয়ারি। গোলের পর কোনো উদযাপন না করে সিজদায় নত হয়ে বিশেষ বার্তা দেন এই মিডফিল্ডার।

আয়ারির বাবা তিউনিশিয়ায় জন্মগ্রহণ করলেও আন্তর্জাতিক ফুটবলে তিনি প্রতিনিধিত্ব করছেন নিজের জন্মভূমি সুইডেনকে। জানা গেছে, ২০২১ সালে তিউনিশিয়া ফুটবল ফেডারেশন তাকে জাতীয় দলে খেলার প্রস্তাব দিয়েছিল। এছাড়া তার মা মরক্কোর হওয়ায় দেশটির পক্ষ থেকেও খেলার সুযোগ ছিল। তবে পরিবারে আলোচনা শেষে সুইডেনের প্রতিই অনুগত থাকার সিদ্ধান্ত নেন তিনি।

ম্যাচের ৩০তম মিনিটে আলেক্সান্দার ইসাক গোল করে সুইডেনের ব্যবধান দ্বিগুণ করেন। তবে প্রথমার্ধের শেষ দিকে, ৪৩তম মিনিটে ওমার রেকিক গোল করে তিউনিশিয়াকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সুইডেন।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সুইডিশরা। ৫৯তম মিনিটে ভিক্টর ইয়োকেরেস গোল করে ব্যবধান বাড়ান। গোলটিতে তিউনিশিয়ার গোলরক্ষক শামাখের ভুলও ছিল স্পষ্ট। এরপর ৮৪তম মিনিটে বদলি হিসেবে নেমে গোল করেন মাটিয়াস সভানবার্গ।

আরও পড়ুন
ARGENTINA

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থক নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

ম্যাচের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোলটি করে সুইডেনের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করেন আয়ারি। জোড়া গোল, অসাধারণ পারফরম্যান্স এবং ব্যতিক্রমী উদযাপনের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই তরুণ মিডফিল্ডার।

আরটিভি/এসকে