বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৮:২১ এএম
ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করেছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।
শুরুর একাদশে থাকা ৩৮ বছর বয়সী এই তারকা মাঠে নামার সঙ্গে সঙ্গেই গড়েছেন এক অনন্য রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ আসরে খেলার কীর্তি গড়েছেন তিনি।
তবে রেকর্ডের সেখানেই ইতি হয়নি। ম্যাচের ১৬তম মিনিটে আলজেরিয়ার জালে বল জড়িয়ে আরও একটি মাইলফলক স্পর্শ করেন মেসি। এই গোলের মাধ্যমে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন তিনি।
এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে গোল করেছিলেন মেসি। কেবল ২০১০ সালের আসরে গোলের দেখা পাননি আর্জেন্টাইন মহাতারকা।
এদিকে, এই ম্যাচটি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ হিসেবেও ইতিহাসে জায়গা করে নিয়েছে। দেশের জার্সিতে ২০০ ম্যাচ খেলে তিনি স্পর্শ করেছেন আরেকটি অনন্য মাইলফলক। এর আগে শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাওয়া আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচের গণ্ডি পেরিয়েছেন।
এক ম্যাচেই একাধিক রেকর্ড গড়ে বিশ্ব ফুটবলে নিজের কিংবদন্তি মর্যাদাকে আরও উজ্জ্বল করলেন লিওনেল মেসি।
আরটিভি/এসকে