বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৮:৪৬ এএম
ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি । ম্যাচের শুরুর একাদশে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ আসরে খেলার অনন্য কীর্তি গড়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
শুধু তাই নয়, জাতীয় দলের জার্সিতে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেও আরেকটি বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন মেসি। এর মাধ্যমে তিনি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের ক্লাবে নাম লেখালেন।
২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জেতানো মেসি এবারও ১০ নম্বর জার্সিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন। নিজের ষষ্ঠ বিশ্বকাপে রেকর্ডসংখ্যক পঞ্চমবারের মতো ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন তিনি। এর মাধ্যমে পেছনে ফেলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে, যিনি চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেছিলেন।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও ইতোমধ্যে নিজের করে নিয়েছেন মেসি। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ মিলিয়ে তার ম্যাচ সংখ্যা দাঁড়িয়েছে ২৭। চলমান আসরে সেই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে তার সামনে।
গোলের দিক থেকেও ইতিহাসের খুব কাছাকাছি অবস্থান করছেন মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ গোল করেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসার ঝুলিতে রয়েছে ১৬ গোল। ফলে আরও চারটি গোল করতে পারলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যেতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।
এ ছাড়া ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গোল করা মেসি এবারও জালের দেখা পেলে দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি পৃথক বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়বেন। বর্তমানে এই কীর্তির একমাত্র মালিক রোনালদো।
অ্যাসিস্টের ক্ষেত্রেও নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে রয়েছেন মেসি। বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা ৮, যা আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ এবং ম্যারাডোনার সমান। চলমান আসরে আরও একটি অ্যাসিস্ট করলেই দেশের হয়ে বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্টের একক মালিক হবেন তিনি। আর দুটি অ্যাসিস্ট করতে পারলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডও নিজের করে নেবেন।
অধিনায়ক হিসেবেও অনন্য এক কীর্তির সামনে দাঁড়িয়ে আছেন মেসি। এখন পর্যন্ত কোনো অধিনায়ক দুইবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। আর্জেন্টিনা যদি এবারও শিরোপা জিততে পারে, তবে অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জেতা প্রথম ফুটবলার হবেন তিনি। পাশাপাশি দল ফাইনালে উঠলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনবার দলকে ফাইনালে তোলার রেকর্ডও গড়বেন মেসি। এর আগে তার নেতৃত্বেই ২০১৪ ও ২০২২ সালে ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা; একবার শিরোপা জিতেছে, আরেকবার রানার্সআপ হয়েছে।
বিশ্ব ফুটবলের ইতিহাসে ইতোমধ্যেই নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখা মেসি এবার বিশ্বকাপের মঞ্চে আরও কয়েকটি অবিস্মরণীয় রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন।
আরটিভি/এসকে
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : +৮৮০-২-৫৫০১৩৫১১-১৫
নিউজ রুম: +৮৮০-১৮৭৮১৮৪৩৬৯-৭০
ই-মেইল : news@rtvbd.tv
বিজ্ঞাপন : rtvdigitalad@gmail.com