images

খেলা / ফুটবল

একই দিনে যে দুই ইতিহাসের নায়ক হলেন মেসি

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৩:১২ পিএম

বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বয়স নিয়ে নানা আলোচনা-সমালোচনার জবাব তিনি দিলেন নিজের সবচেয়ে পরিচিত উপায়েম গোল করে। একই দিনে দুটি অনন্য রেকর্ড গড়ে বিশ্ব ফুটবলে নতুন অধ্যায় যোগ করলেন এই মহাতারকা।

ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মেসি। পঞ্চম মিনিটে দূরপাল্লার শটে গোলের সম্ভাবনা তৈরি করলেও সফল হননি। ১২ মিনিটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

তবে অপেক্ষা দীর্ঘ হয়নি। ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া মেসির জোরালো শট আলজেরিয়ার গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। সেই গোলেই এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরে ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ম্যাচের শেষদিকে হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই ম্যাচটি ছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম উপস্থিতি। একই সঙ্গে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার বিরল কীর্তিও গড়েন তিনি। বিশ্বকাপের সেই ঐতিহাসিক উপস্থিতিকে আরও স্মরণীয় করে তুললেন গোল করে।

হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজারের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে উঠে আসেন।

আরও একটি বিশেষ কারণে দিনটি মেসির জন্য স্মরণীয় হয়ে থাকল। ২০০৬ সালের ১৬ জুন বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে গোল করেছিলেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েছিলেন সেদিন।

আরও পড়ুন
halalnd

মেসিকে পাগল বললেন হালান্ড

দুই দশক পর, আবারও ১৬ জুনেই (বাংলাদেশ সময় ১৭ জুন) বিশ্বকাপের মঞ্চে ইতিহাস সৃষ্টি করলেন মেসি। একদিকে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার বিশ্বরেকর্ড, অন্যদিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের শীর্ষে ওঠা একই দিনে দুটি ঐতিহাসিক অর্জনের নায়ক হয়ে থাকলেন আর্জেন্টাইন মহাতারকা।

আরটিভি/এসকে