images

খেলা / ফুটবল

বিশ্বকাপে ছেলের জোড়া গোল দেখে গ্যালারিতে কান্নায় ভেঙে পড়লেন কুনহার মা

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৯:২৪ পিএম

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। শনিবার হাইতির বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে সবচেয়ে বড় আলোচনার নাম হয়ে উঠেছেন ব্রাজিল ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহা, যিনি জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২৩ ও ৩৬ মিনিটে করা দুই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। প্রথম বিশ্বকাপে নিজের অভিষেক টুর্নামেন্টে এমন পারফরম্যান্স কুনহার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। গোল করার পর গ্যালারির দিকে ক্যামেরা ঘুরতেই দেখা যায় আবেগে ভেঙে পড়েছেন তার মা লুজিয়ানা কুনহা চোখে পানি, হাতে মুখ ঢেকে আনন্দে কাঁদছেন তিনি। সেই মুহূর্তের দৃশ্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

এই বিশ্বকাপ কুনহার জন্য ছিল বহু প্রতীক্ষিত সুযোগ। ২০২২ কাতার বিশ্বকাপের দলে ডাক পেলেও শেষ মুহূর্তে জায়গা হারাতে হয়েছিল তাকে। আন্তর্জাতিক ক্যারিয়ারেও ফর্ম খুব উজ্জ্বল ছিল না; হাইতির বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত ২৪ ম্যাচে তার গোল ছিল মাত্র একটি।

তবে এবারের বিশ্বকাপে সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছেন তিনি। মরক্কোর বিপক্ষে অভিষেক ম্যাচে শুরুর একাদশে না থাকলেও এই ম্যাচে তাকে শুরু থেকেই খেলান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কোচের আস্থার প্রতিদান দিয়েছেন জোড়া গোল করে।

আরও পড়ুন
messi-nd-chanchal

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলের। এখন তাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, তবে কুনহার উত্থান দলে নতুন আশা জাগিয়েছে।

আরটিভি/এসকে