images

খেলা / ফুটবল

মেসিদের ম্যাচের আগে ডালাসে বন্যা, জরুরি সতর্কতা জারি

শনিবার, ২০ জুন ২০২৬ , ১০:৩৬ পিএম

বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর যুক্তরাষ্ট্রের ডালাসে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং প্রাণহানির আশঙ্কাও দেখা দিয়েছে। এর মধ্যেই সোমবার(২২জুন) এই শহরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা ফুটবল দল। 

শুক্রবার সকালে ডালাস-ফোর্ট ওয়ার্থ অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে ব্যাপক জলাবদ্ধতা ও ফ্ল্যাশ ফ্লাডিং দেখা দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, পানিতে আটকে পড়া যানবাহন উদ্ধারে ডালাস ফায়ার-রেসকিউ বিভাগের প্রায় সব ইউনিটকে মাঠে নামানো হয়।

স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ বাসিন্দাদের জন্য ‘ক্রিটিক্যাল’ সতর্কতা জারি করেছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে এবং ঝুঁকিপূর্ণ সড়ক এড়িয়ে চলতে বলা হয়েছে সবাইকে।

এমন পরিস্থিতির মধ্যেই সোমবার (২২ জুন) ডালাসের আর্লিংটনে অবস্থিত স্টেডিয়ামটিতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ম্যাচটির আগে শহরের আবহাওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলেও স্বস্তির খবর হলো, স্টেডিয়ামটিতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ছাদ থাকায় মাঠ প্লাবিত হওয়ার আশঙ্কা নেই।

আরও পড়ুন
CUNHA

বিশ্বকাপে ছেলের জোড়া গোল দেখে গ্যালারিতে কান্নায় ভেঙে পড়লেন কুনহার মা

তবে প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়তে পারে যাতায়াতে। বিশেষ করে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের কারণে দলগুলোর ভ্রমণসূচি এবং দর্শকদের স্টেডিয়ামে পৌঁছাতে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে অভিযান শুরু করা আর্জেন্টিনা এখন দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি ডালাসের বৈরী আবহাওয়াও এখন মেসিদের জন্য বাড়তি আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরটিভি/এসকে