রোববার, ২১ জুন ২০২৬ , ০২:২১ পিএম
প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়িয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ। গ্রুপ পর্ব শেষে শুরু হবে নকআউট পর্বের লড়াই। ১২ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি জায়গা পাবে দ্বিতীয় রাউন্ডে। বাকি ৮ দল সুযোগ পাবে কঠিন সমীকরণের বাধা পেরিয়ে।
প্রথাগত ‘গোল ডিফারেন্স’ বা গোল ব্যবধানের চেনা নিয়মকে একপাশে সরিয়ে রেখে এবার গ্রুপ পর্বের ভাগ্য নির্ধারণে হেড-টু-হেড বা মুখোমুখি লড়াইয়ের রেকর্ডকে প্রধান হাতিয়ার বানিয়েছে ফিফা।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী, প্রথম ধাপে সমান পয়েন্ট থাকা দলগুলোর মধ্যে প্রথমে দেখা হবে মুখোমুখি লড়াইয়ে অর্জিত পয়েন্ট। তাতেও সমতা না ভাঙলে বিবেচনা করা হবে ওই নির্দিষ্ট দলগুলোর মধ্যকার হেড-টু-হেড গোল ব্যবধান এবং হেড-টু-হেড গোল সংখ্যা। যদি এই প্রথম ধাপেও দলগুলোকে আলাদা করা না যায়, তবেই কেবল কার্যকর হবে দ্বিতীয় ধাপ।
এই ধাপে পুরো গ্রুপের সব ম্যাচ মিলিয়ে গোল ব্যবধান, মোট গোল সংখ্যা এবং ফেয়ার প্লে বা দলগত শৃঙ্খলার এবং হলুদ ও লাল কার্ডের সংখ্যা ওপর ভিত্তি করে রেটিং পয়েন্ট হিসাব করা হবে।
সবচেয়ে নাটকীয় পরিবর্তনটি রাখা হয়েছে চূড়ান্ত বা তৃতীয় ধাপে। ফুটবল ইতিহাসের সব হিসাব-নিকাশ ও জটিল সমীকরণ যদি কোনোভাবে টাইব্রেকারের দ্বিতীয় ধাপেও অমীমাংসিত থেকে যায়, তবে লটারি বা টসের ঐতিহ্যবাহী নিয়ম এবার পুরোপুরি বাতিল করেছে ফিফা।
তার বদলে সমতায় থাকা দলগুলোর ভাগ্য নির্ধারণ করা হবে ফিফার অফিশিয়াল বৈশ্বিক র্যাঙ্কিংয়ের সবশেষ প্রকাশিত তালিকার ওপর ভিত্তি করে।
চলমান বিশ্বকাপে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে হাইতি। ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বমঞ্চে আসা দলটি স্কটল্যান্ডের কাছে ১-০ এবং শুক্রবার ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নেয়।
তার ঠিক পরপরই গ্রুপ ‘ডি’ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের। ২৪ বছর পর বিশ্বকাপে ফেরা তুর্কিরা অস্ট্রেলিয়ার কাছে ২-০ এবং ১০ জনের প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।
আরটিভি/এসআর