images

খেলা

স্পেনের দাপটে বিধ্বস্ত সৌদি আরব

সোমবার, ২২ জুন ২০২৬ , ১২:১৫ এএম

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবকে ৪–০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্পেন। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে স্প্যানিশরা। তরুণ তারকা লামিনে ইয়ামালের গোল এবং মিকেল ওইয়ারসাবালের জোড়া গোলে প্রথমার্ধেই জয় অনেকটা নিশ্চিত করে ফেলে দলটি।

ম্যাচের মাত্র ১০ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। এর মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান তিনি। একই সঙ্গে নতুন একটি রেকর্ডও গড়েন এই তরুণ ফুটবলার। ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ম্যাচের প্রথম গোল করার কীর্তিতে তিনি জায়গা করে নেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের পাশে।

ইয়ামালের পর স্পেনের আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে। মিকেল ওইয়ারসাবাল পরপর দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে ৩–০ করেন। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্পেন।

আরও পড়ুন
Web-Image---Copy

এবার পেলের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

দ্বিতীয়ার্ধের শুরুতে সৌদি আরবের ডিফেন্ডার হাসান আল-তামবাকতির আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪–০। এরপর যোগ করা সময়ে স্পেন আরও একটি গোল পেলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সেটি বাতিল করে দেয়। অফসাইডের কারণে তোরেসের গোলটি গণনা হয়নি।

প্রথম ম্যাচে হতাশাজনক ফলের পর এই বড় জয় স্পেনকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে। অন্যদিকে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশনে চাপে পড়ে গেল সৌদি আরব।

আরটিভি/এমএইচজে