সোমবার, ২২ জুন ২০২৬ , ০১:২০ এএম
বিশ্বকাপ ফুটবলে গ্রুপ ‘জি’-তে প্রথম রাউন্ডের সব ম্যাচই ড্র হয়েছে। ফলে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে ইরানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বেলজিয়াম। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়াই তাদের জন্য সবচেয়ে জরুরি। তবে প্রস্তুত ইরানও। নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে ২-২ সমতায় শেষ করেছিল ইরান।
আন্তর্জাতিক ফুটবলে এটিই হচ্ছে বেলজিয়াম ও ইরানের প্রথম সাক্ষাৎ। বিশ্বকাপে বেলজিয়াম তাদের সবশেষ তিন ম্যাচে জিততে পারেনি (২ ড্র, ১ হার)। যেখানে প্রতিযোগিতাটিতে এর আগের ১৩ ম্যাচে কেবল দুটিতে জিততে ব্যর্থ হয়েছিল তারা (১১ জয়, ২ হার)।
আত্মঘাতী গোল বাদ দিলে, ২০২২ সালে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে মিচি বাতসুয়াইয়ের গোলের পর থেকে রেড ডেভিলরা বিশ্বকাপে আর কোনো গোল করতে পারেনি। বিশ্বকাপে বেলজিয়াম গোলের জন্য তাদের সবশেষ ৪৬ শট থেকে একবারও জাল খুঁজে পায়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ১৪ ম্যাচে অপরাজিত আছে বেলজিয়াম।
বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ইরান তাদের ১০ ম্যাচের মধ্যে কেবল একটিতে জিতেছে (২ ড্র, ৭ হার)। যদিও সেই জয়টি এসেছিল সবশেষ ম্যাচে, ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে ওয়েলসের বিপক্ষে ২-০ গোলে জয় পায় তারা।
আরটিভি/এমএইচজে