images

খেলা / ফুটবল

৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর

সোমবার, ২২ জুন ২০২৬ , ১১:০৮ এএম

৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো জয়ের মুখ দেখেছে মিশর। অধিনায়ক মোহাম্মদ সালাহর নেতৃত্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে উত্তর আফ্রিকার দেশটি।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল মিশর। ম্যাচের ১৫তম মিনিটে কর্নার থেকে আসা বলে হেডে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ডিফেন্ডার ফিন সারম্যান। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সমতায় ফিরতে পারেনি মিশর।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮তম মিনিটে মোস্তাফা জিকোর শক্তিশালী হেডে সমতা ফেরায় মিশর। ডান প্রান্ত থেকে ভেসে আসা নিখুঁত ক্রসকে গোলে পরিণত করে দলকে নতুন উদ্দীপনা এনে দেন তিনি। 

সমতায় ফেরার মাত্র নয় মিনিট পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক সালাহ। ৬৭তম মিনিটে দ্রুতগতির এক আক্রমণে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে নিউজিল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তার গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় মিশর।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আফ্রিকার প্রতিনিধিরা। ৮২তম মিনিটে সালাহর নেওয়া কর্নার থেকে বদলি খেলোয়াড় ত্রেজেগে হেডে গোল করে ব্যবধান ৩-১ করেন। বাকি সময়ে আর কোনো গোল না হলে ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে মিশর।

এই জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, ভেঙেছে প্রায় এক শতাব্দীর অপেক্ষাও। ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিলেও প্রথম আট ম্যাচে কোনো জয় পায়নি মিশর। অবশেষে বিশ্বকাপে নিজেদের নবম ম্যাচে এসে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল দেশটি।

আরও পড়ুন
austia

আর্জেন্টিনাকে রুখে দিতে প্রস্তুত অস্ট্রিয়া

চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মিশর। অন্যদিকে নিউজিল্যান্ড ইরানের বিপক্ষে ২-২ গোলে সমতা করেছিল। ফলে এই জয়ে গ্রুপ ‘জি’-তে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল সালাহর দল।

আরটিভি/এসকে