সোমবার, ২২ জুন ২০২৬ , ০৩:৫৭ পিএম
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষকে নিয়ে উচ্চ প্রশংসা করেছেন অস্ট্রিয়ার প্রধান কোচ রালফ র্যাংনিক। তার মতে, বর্তমান আর্জেন্টিনা দলকে শুধুমাত্র লিওনেল মেসি নির্ভর দল হিসেবে দেখার সুযোগ নেই। বরং প্রতিটি পজিশনে তারা সমানভাবে শক্তিশালী।
ডালাসে গ্রুপ ‘জে’এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানতে চাইলে র্যাংনিক বলেন, তাদের দুর্বলতা নিয়ে কী বলব? আমরা কোনো দুর্বলতাই খুঁজে পাইনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ জানান, আর্জেন্টিনার দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব নেই। প্রথম একাদশের পাশাপাশি বেঞ্চ শক্তিও অসাধারণ। তাই তার মতে, আর্জেন্টিনাকে শুধু মেসির দল হিসেবে বিবেচনা করা ভুল হবে।
এদিকে ৩৮ বছর বয়সী মেসি বিশ্বকাপ অভিযান শুরু করেছেন দুর্দান্তভাবে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করে এখন এককভাবে শীর্ষে ওঠার জন্য আর মাত্র একটি গোলের অপেক্ষায় রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে র্যাংনিকের মতে, অস্ট্রিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু মেসিকে থামানো নয়, পুরো আর্জেন্টিনা দলকে মোকাবিলা করা। তিনি বলেন, আমাদের কৌশলগতভাবে নিখুঁত হতে হবে। একই সঙ্গে সাহসী ও শক্তিশালী মানসিকতা নিয়ে খেলতে হবে। হয়তো আমার অধীনে অস্ট্রিয়ার সেরা ম্যাচটাই খেলতে হবে।
তবে প্রতিপক্ষকে এতটা সমীহ করলেও অঘটনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অস্ট্রিয়ান কোচ। তার বিশ্বাস, ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। আমরা সব পূর্বাভাসের বিপক্ষে খেলব। হয়তো ড্র করতে পারি, হয়তো জিততেও পারি। আমাদের লড়াই করার মানসিকতা ও সাহস আছে, বলেন তিনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে, আর অস্ট্রিয়া ৩-১ গোলে পরাজিত করেছে জর্ডানকে। ফলে সোমবারের ম্যাচে জয়ী দল নকআউট পর্বে ওঠার পথে বড় সুবিধা পাবে।
আরটিভি/এসকে