images

খেলা / ফুটবল

হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০৮:৪৩ এএম

আর্লিং হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ ‘আই’ থেকে শেষ ষোলোর টিকিট কেটেছে স্ক্যান্ডিনেভিয়ান দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। তবে সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডির একের পর এক সেভে প্রথমদিকে গোলের দেখা পায়নি তারা। তৃতীয় মিনিটে ক্রিস্টোফার আয়ারের নিশ্চিত গোল অবিশ্বাস্যভাবে পা দিয়ে ঠেকিয়ে দেন মেন্ডি। পরে মার্টিন ওডেগার্ডের জোরালো ভলিও রুখে দেন তিনি।

তবে বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে নরওয়েকে এগিয়ে দেন মার্কাস পেডারসেন। তার ডান পায়ের শট মেন্ডির হাতে লাগলেও বল জালে জড়িয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে হালান্ড গোলের খুব কাছে গিয়েও পোস্টে লেগে হতাশ হন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের নামের প্রতি সুবিচার করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। ৪৮ মিনিটে ওডেগার্ডের পাস থেকে শক্তিশালী শটে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। পাঁচ মিনিট পর সাদিও মানের পাস থেকে ইসমাইলা সার গোল করে সেনেগালকে ম্যাচে ফেরানোর আশা জাগান।

কিন্তু সেই আশা বেশিক্ষণ টিকতে দেননি হালান্ড। ৫৮ মিনিটে প্যাট্রিক বার্গের ক্রস থেকে নিখুঁত সাইড-ফুটেড ভলিতে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি।

ম্যাচের শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন হালান্ড। ৮৮ মিনিটে তার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন না হলে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের দেখা পেতে পারতেন তিনি। অন্যদিকে ৯০ মিনিটে অস্কার ববের শট গোললাইন থেকে হেড করে ফিরিয়ে দেন সেনেগালের ডিফেন্ডার পাথে চিস।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইসমাইলা সার। তবে তাতে শুধু ব্যবধানই কমে, সমতায় ফিরতে পারেনি সেনেগাল।

আরও পড়ুন
PORTUGAL

বিশ্বকাপে পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

এর আগে ইরাকের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন হালান্ড। টানা দ্বিতীয় ম্যাচে দুই গোল করে দলের নকআউট নিশ্চিত করার নায়ক হয়ে ওঠেন তিনি।

এই জয়ে ফ্রান্সের পর গ্রুপ ‘আই’ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। দুই দলেরই সংগ্রহ ৬ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ফ্রান্স। গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে আগামী ২৭ জুন বোস্টনে মুখোমুখি হবে নরওয়ে ও ফ্রান্স।

আরটিভি/এসকে