images

খেলা / ফুটবল

মেসিকে বিয়ে করতে চাওয়া ১০০ বছর বয়সী ভক্ত কে এই ‘গ্র্যানি স্মিথ’

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৯:৩৮ এএম

বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ইতিহাস গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি গ্যালারির এক বিশেষ দর্শকও কেড়ে নিয়েছেন কোটি ফুটবলপ্রেমীর নজর।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ চলাকালে অফিসিয়াল সম্প্রচারকারীর ক্যামেরায় ধরা পড়েন ১০০ বছর বয়সী এক নারী সমর্থক। আর্জেন্টিনার নীল-সাদা জার্সি গায়ে তার হাতে ছিল একটি প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল, আমার বয়স ১০০ বছর এবং আমি একজন মেসি ভক্ত।

মুহূর্তেই সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মেসির রেকর্ড গড়ার রাতে অনেকের মনেই প্রশ্ন জাগে কে এই শতবর্ষী ভক্ত?

জানা যায়, তার নাম পলিন কানা। তবে অনলাইনে তিনি ‘গ্র্যানি স্মিথ’ বা ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামে বেশি পরিচিত। তিনি একজন জনপ্রিয় মার্কিন কনটেন্ট ক্রিয়েটর, যিনি তার নাতি রস স্মিথের সঙ্গে কমেডি ভিডিও, মজার স্ট্যান্ট ও ভাইরাল কনটেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

মেসির প্রতি পলিন কানার ভালোবাসা নতুন নয়। এর আগেও ইন্টার মায়ামির ম্যাচে বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে উপস্থিত হয়েছেন তিনি। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে পোর্তোর বিপক্ষে ম্যাচে তার প্ল্যাকার্ডে লেখা ছিল, মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে? আর পিএসজির বিপক্ষে ম্যাচে তিনি লিখেছিলেন, মেসি, আমি তোমাকে ভালোবাসি। বয়স তো কেবল একটি সংখ্যা মাত্র। 

আরও পড়ুন
LIONEL-SCALONI

বিশ্বকাপের মাঝে আর্জেন্টিনার সমর্থকদের দুঃসংবাদ দিলেন স্কালোনি

সবচেয়ে মজার ঘটনা ঘটে ম্যাচ-পূর্ব ওয়ার্ম-আপে। গ্যালারিতে থাকা এই শতবর্ষী ভক্তের বার্তা নজরে আসলে মেসি হাসিমুখে তার দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সেই মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিশ্বকাপে মেসির নতুন রেকর্ডের রাতে তাই মাঠের নায়ক ছিলেন মেসি, আর গ্যালারির আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তার ১০০ বছর বয়সী ভক্ত ‘গ্র্যানি স্মিথ’।

আরটিভি/এসকে