বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০১:৩৪ পিএম
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ এলেই প্রিয় দলকে ঘিরে তাদের উন্মাদনা নতুন মাত্রা পায়। জার্সি কেনা, পতাকা টাঙানো থেকে শুরু করে বড় পরিসরে একসঙ্গে খেলা দেখা— সবকিছুতেই আধিপত্য থাকে এই দুই দলের ভক্তদের। উত্তর আমেরিকায় চলমান ২০২৬ বিশ্বকাপেও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না।
হাজার হাজার মাইল দূরে বিশ্বকাপের আসর বসলেও বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রিয় দলের ম্যাচ ঘিরে তৈরি হচ্ছে উৎসবমুখর পরিবেশ। সেই তালিকায় রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এর আগে আর্জেন্টিনার সমর্থকদের ব্যতিক্রমী উচ্ছ্বাসের কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কাড়ে প্রতিষ্ঠানটি।
তবে শুধু আর্জেন্টিনা নয়, ব্রাজিলের সমর্থকেরাও নিজেদের উন্মাদনার মাধ্যমে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশি ভক্তদের আবেগ ও উদযাপন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ও’ গ্লোবো।
ও’ গ্লোবোর প্রতিবেদনে বলা হয়, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয় শুধু ব্রাজিলেই নয়, উৎসবের আবহ তৈরি করেছে হাজার মাইল দূরের বাংলাদেশেও। ব্রাজিলের প্রতিটি গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সমর্থকরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, গোল উদযাপনে বাদ্যযন্ত্র বাজানো, গান গাওয়া এবং লাফিয়ে আনন্দ প্রকাশ করছেন ব্রাজিলভক্তরা। রাজধানী ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ম্যাচটি উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। শিক্ষার্থীদের জন্য সেখানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সমর্থকদের উচ্ছ্বাসের অন্যতম কারণ ছিল নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ফের মাঠে নামেন এই তারকা ফরোয়ার্ড। তাঁকে মাঠে নামতে দেখেই করতালি ও উল্লাসে মেতে ওঠেন উপস্থিত দর্শকেরা। ম্যাচ আয়োজনকারী প্ল্যাটফর্ম ‘লাইফ ইন ডিআইইউ’ এক পোস্টে লিখেছে, ‘একটি পুরো প্রজন্ম এই মুহূর্তটির জন্য অপেক্ষা করেছে। স্বাগতম কিং নেইমার।
আরটিভি/এমএইচজে