images

খেলা / ফুটবল

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের ঝলক

শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ০৫:২৫ পিএম

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দক্ষতার ছাপ রেখে আলোচনায় উঠে এসেছেন বিভিন্ন দেশের দায়িত্বে থাকা আর্জেন্টাইন কোচরা। তাদেরই একজন ইকুয়েডরের প্রধান কোচ সেবাস্তিয়ান বেকাসেসে। একদিন আগেও যার ভবিষ্যৎ নিয়ে ছিল অনিশ্চয়তা, জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর মুহূর্তেই বদলে গেছে পুরো চিত্র।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে গঞ্জালো প্লাতার জয়সূচক গোলে আসে কাঙ্ক্ষিত এই জয়। এর ফলে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা।

ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন বেকাসেসে। গ্যালারিতে ছুটে গিয়ে স্ত্রীকে আলিঙ্গন ও কপালে চুম্বন করেন তিনি। পরে খেলোয়াড়দের সঙ্গে মাঠজুড়ে উদ্‌যাপনে অংশ নেন। এই জয় শুধু ইকুয়েডরের বিশ্বকাপ অভিযানই দীর্ঘায়িত করেনি, কোচ হিসেবে বেকাসেসের অবস্থানও আরও শক্ত করেছে।

জার্মানির বিপক্ষে স্মরণীয় এই জয়ের আনন্দে ভাসছে পুরো ইকুয়েডর। জাতীয় উচ্ছ্বাসকে আরও বিশেষ করে তুলতে দেশটির সরকার একদিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে।

এদিকে এবারের বিশ্বকাপে বিভিন্ন দেশের দায়িত্বে থাকা আর্জেন্টাইন কোচদের সাফল্যও বিশেষভাবে নজর কেড়েছে। ৪৮ দলের টুর্নামেন্টে অংশ নেওয়া ছয়জন আর্জেন্টাইন কোচের মধ্যে বেশিরভাগই নিজেদের দলকে নকআউট পর্বের খুব কাছে কিংবা ইতোমধ্যেই সেখানে পৌঁছে দিয়েছেন।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিওনেল স্কালোনির অধীনে প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ৩২ নিশ্চিত করেছে। অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্র মরিসিও পচেত্তিনোর নেতৃত্বে গ্রুপসেরা হিসেবে নকআউটে উঠেছে।

গুস্তাভো আলফারোর প্যারাগুয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। মার্সেলো বিয়েলসার উরুগুয়ে প্রথম দুই ম্যাচে ড্র করলেও শেষ ম্যাচে ভালো ফল করলেই নকআউটে ওঠার সম্ভাবনা উজ্জ্বল।

আরও পড়ুন
MBAPPE

কিলিয়ান এমবাপ্পে কি সত্যিই মুসলিম, যা জানা গেল

নেস্টর লরেঞ্জোর কলম্বিয়া অবশ্য কোনো সমীকরণের অপেক্ষায় নেই। প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে আগেভাগেই শেষ ৩২ নিশ্চিত করেছে তারা।

বিশ্বকাপে অংশ নেওয়া ছয়জন আর্জেন্টাইন কোচের মধ্যে পাঁচজনের জন্ম একই প্রদেশ সান্তা ফেতে। শুধু নেস্টর লরেঞ্জোর জন্ম বুয়েনস এইরেসের ভিলা সেলিনায়। বিশ্বমঞ্চে আর্জেন্টাইন কোচদের এই ধারাবাহিক সাফল্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে।

আরটিভি/এসকে