শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ০৬:১৪ পিএম
বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের খেলা শেষে নিশ্চিত হয়েছে শেষ ৩২ দলের নকআউট পর্বের আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে জাপান, আর গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে।
ডালাসে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে জাপান। ফলে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা ব্রাজিলের বিপক্ষে খেলবে এশিয়ার দলটি।
অন্যদিকে, ক্যানসাস সিটিতে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল মরক্কো। গ্রুপে তৃতীয় হওয়া সুইডেনের সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স।
প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। তবে ছয় মিনিট পর অ্যান্থনি এলাঙ্গা গোল করে সমতা ফেরান সুইডেনের হয়ে। বাকি সময়ে উভয় দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।
ড্র করেও জাপান শৃঙ্খলাপূর্ণ রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং সমন্বিত দলীয় ফুটবলের ছাপ রেখে নকআউট নিশ্চিত করেছে। ফলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি হতে পারে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
তিউনিসিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর ব্রায়ান ব্রবি ব্যবধান বাড়ান। হাজেম মাস্তুরি একটি গোল শোধ করলেও ইয়ান পল হেকে গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন ডাচরা।
শেষ ৩২-এর সূচি
ব্রাজিল বনাম জাপান-সোমবার (২৯ জুন), বাংলাদেশ সময় রাত ১১টা, হিউস্টন।
নেদারল্যান্ডস বনাম মরক্কো-পরদিন (৩০ জুন) বাংলাদেশ সময় ভোরে।
আরটিভি/এসকে