শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১:০২ পিএম
২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে লিওনেল স্কালোনির শিষ্যদের প্রতিপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি। সেই অপেক্ষার অবসান হবে ‘এইচ’ গ্রুপের শেষ দুই ম্যাচের পর।
শনিবার (২৭ জুন) ভোর ৬টায় ‘এইচ’ গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেন মুখোমুখি হবে উরুগুয়ের, আর কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিপক্ষে। চারটি দলেরই এখনও পরবর্তী পর্বে ওঠার গাণিতিক সম্ভাবনা থাকায় ম্যাচ দুটি ঘিরে বাড়তি উত্তেজনা বিরাজ করছে।
এদিকে সম্ভাব্য ফলাফল নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিশ্লেষণে স্পেনকে ২-১ গোলে উরুগুয়েকে হারানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, এখন পর্যন্ত টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স এবং আক্রমণভাগের কার্যকারিতার কারণে স্পেনই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। অন্যদিকে উরুগুয়ে পুরো আসরজুড়েই প্রত্যাশিত ছন্দ খুঁজে পায়নি।
গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে এমন পূর্বাভাসও দিয়েছে এআই। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ড্র করে ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে আফ্রিকার দলটি। বিপরীতে সৌদি আরব কয়েকটি ম্যাচে ভালো শুরু করেও শেষ পর্যন্ত সুবিধা ধরে রাখতে ব্যর্থ হয়েছে।
এআইয়ের এই দুই পূর্বাভাস সত্যি হলে স্পেন ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হবে এবং কেপ ভার্দে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করবে।
সেক্ষেত্রে আগামী ৩ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে।
কাগজে-কলমে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পষ্ট ফেভারিট হলেও কেপ ভার্দের সাম্প্রতিক পারফরম্যান্স সতর্কবার্তাই দিচ্ছে। গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করা দলটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ থাকবে না।
এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ফলাফলের বিশ্লেষণ। প্রকৃত প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এইচ’ গ্রুপের ম্যাচগুলোর আনুষ্ঠানিক ফলাফলের পর।
তথ্যসূত্র: টিওয়াইসি স্পোর্টস
আরটিভি/এসকে