images

খেলা / ফুটবল

ব্রাজিলের কাছে ক্ষমা চেয়ে আর্জেন্টিনাকে সেরা বললেন জাপান কোচ

শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১:২২ পিএম

শেষ ৩২-এ লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু। একই সঙ্গে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিশ্বের সেরা দলগুলোর একটি হিসেবে উল্লেখ করে ব্রাজিলের সমর্থকদের কাছে আগাম ক্ষমাও চেয়েছেন তিনি।

আগামী ২৯ জুন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে জাপান। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মরিয়াসু বলেন, ব্রাজিল বিশ্বের অন্যতম শক্তিশালী দল হলেও জাপানকে হারানো এখন আর আগের মতো সহজ নয়।

জাপান কোচ বলেন, প্রীতি ম্যাচগুলোতে আমরা প্রমাণ করেছি, আমাদের হারানো এখন সহজ নয়। এটি আমাদের জন্য বড় অগ্রগতি। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, আমরা তাদের সম্মান করি। তবে ম্যাচে কী ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারে না। আমাদেরও জেতার সমান সুযোগ থাকবে।

ব্রাজিল ও জাপান এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচে, জাপানের জয় মাত্র একটি এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ দেখায় অবশ্য ৩-২ গোলের জয় পেয়েছিল জাপান, যা দলটিকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।

সেই প্রসঙ্গে মরিয়াসু বলেন, এটি একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল নিখুঁত একটি দল। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদেরও জেতার এবং পরের ধাপে যাওয়ার সুযোগ আছে। আমরা সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছি।

তবে সংবাদ সম্মেলনের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে যখন মরিয়াসুকে বিশ্বের সেরা দল নিয়ে প্রশ্ন করা হয়। 

তিনি হাস্যরসের সুরে বলেন, আমি এখন চোখ বন্ধ রেখে আশা করব, এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই। তবে আমি বলব, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ খেলছে। কিন্তু এই কথা বলার জন্য ব্রাজিলের কাছে ক্ষমা চাইছি।

আরও পড়ুন
ARTGENTINA-FOOTBALL

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, জানিয়ে দিল এআই

মরিয়াসুর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। এখন মাঠের লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে জাপান নিজেদের আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষা।

আরটিভি/এসকে