শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৯:১১ এএম
গ্রুপ পর্বের নাটকীয়তা শেষে নিশ্চিত হয়ে গেছে নকআউট পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ। প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পেয়েই রূপকথা তৈরি করা আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। শেষ ৩২–এর এই লড়াইয়ে মেসিবাহিনী তুলনামূলক সহজ প্রতিপক্ষকে পাচ্ছে বলা যায়।
শনিবার(২৭ মে) হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে ইতিহাস গড়েছে পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্রটি। টানা তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে পাঁচ লাখেরও কম জনসংখ্যার এই দেশ। গ্রুপ ‘এইচ’ থেকে রানার্সআপ হয়ে তারা নাম লিখিয়েছে নকআউট পর্বে।
অন্যদিকে গ্রুপ ‘জে’তে এক ম্যাচ বাকি থাকতেই দাপটের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে রেখেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, জে গ্রুপের চ্যাম্পিয়ন দল শেষ ৩২–এর ম্যাচে মুখোমুখি হবে এইচ গ্রুপের রানার্সআপ দলের। সেই হিসেবে আর্জেন্টিনার সামনে পড়েছে নবাগত কেপ ভার্দে। নকআউট পর্বের কঠিন মঞ্চে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে কিংবা স্পেনের মতো পরাশক্তিকে এড়াতে পারাটা লিওনেল স্কালোনির দলের জন্য বেশ স্বস্তির।
কাগজে-কলমে কিংবা শক্তিতে আর্জেন্টিনার চেয়ে বহুগুণ পিছিয়ে থাকলেও কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিয়ে নিজেদের রক্ষণভাগের শক্তি দেখিয়েছে তারা। তবে আলবিসেলেস্তেরা এখন দারুণ ছন্দে রয়েছে। নকআউট পর্বের এই লড়াইয়ে নামার আগে অবশ্য গ্রুপ পর্বে নিজেদের শতভাগ জয় ধরে রাখার লক্ষ্যে শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।
আরটিভি/এআর