শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৫:০৮ পিএম
ফ্রান্সের তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে বিশ্বকাপের মঞ্চে গড়লেন অনন্য এক কীর্তি। নরওয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করে তিনি ফ্রান্সকে ৪-১ গোলের দারুণ জয় এনে দেন। তার তিনটি গোল আসে ম্যাচের ৭ম, ২০তম ও ৩২তম মিনিটে। এর মধ্যে একটি গোলে সহায়তা করেন অধিনায়ক কিলিয়ান এমবাপে।
বিশ্বকাপ ইতিহাসে প্রথমার্ধে হ্যাটট্রিকের ঘটনা খুবই বিরল। সর্বশেষ এমন কীর্তি দেখা গিয়েছিল ১৯৯৪ সালের বিশ্বকাপে, যখন ওলেগ সালেঙ্কো ক্যামেরুনের বিপক্ষে প্রথম ৪৫ মিনিটেই তিন গোল করেছিলেন। দীর্ঘ ৩২ বছর পর সেই বিরল তালিকায় নিজের নাম লেখালেন দেম্বেলে।
ম্যাচ শেষে দেম্বেলে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, আমি খুবই খুশি। এটা অনন্য এবং আমার জন্য বিশেষ একটি মুহূর্ত। তবে ইরাক ও সেনেগালের বিপক্ষে আমার পারফরম্যান্সও আমার ভালো লেগেছিল। সেসব ম্যাচে আমি দলের জন্য আরও বেশি প্রভাব রাখতে পেরেছিলাম।
এই জয়ের ফলে ফ্রান্স শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। নকআউট পর্বে তারা নিউজার্সিতে তৃতীয় সেরা একটি দলের মুখোমুখি হবে। অন্যদিকে নরওয়ে ডালাসে আইভরি কোস্টের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচ খেলবে।
আরটিভি/এসকে