images

খেলা / ফুটবল

৯১ বছর বয়সী সাংবাদিকের প্রশ্নে মেসির খেলার তথ্য ফাঁস করলেন স্ক্যালোনি

শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৭:১৪ পিএম

গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে সবচেয়ে বড় তথ্যটি নিজেই জানিয়ে দিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। সাধারণত ম্যাচের ঠিক আগে একাদশ ঘোষণা করলেও এবার ব্যতিক্রম ঘটিয়ে তিনি নিশ্চিত করেছেন, জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি।

রোববার (২৮ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করায় মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ক্যালোনি। তবে তিনি বেঞ্চে থাকবেন এবং ম্যাচের পরবর্তী সময়ে মাঠে নামবেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ্যে আসে ৯১ বছর বয়সী কিংবদন্তি সাংবাদিক এনরিকে 'মাকায়া' মার্কেস–এর এক প্রশ্নের জবাবে। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ থেকে শুরু করে টানা ১৮টি বিশ্বকাপ কভার করা এই প্রবীণ সাংবাদিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্ক্যালোনি।

তিনি বলেন, এনরিকে, আপনাকে এখানে দেখতে পেরে খুব ভালো লাগছে। ১৮টি বিশ্বকাপ কভার করা অবিশ্বাস্য একটি অর্জন। আপনার প্রশ্নের উত্তর দিতে আমি আনন্দিত, কারণ আমাদের দীর্ঘদিনের পরিচয়।

এরপর সবার অপেক্ষার অবসান ঘটিয়ে স্ক্যালোনি বলেন, লিও বেঞ্চে থাকবে। শুধু আপনার জন্যই বলছি। অন্য কেউ জিজ্ঞেস করলে আমি হয়তো এড়িয়ে যেতাম।

তিনি আরও যোগ করেন, আমি পুরো একাদশ বলব না। তবে লিও পরে মাঠে নামবে। আমার দল ঠিক করা আছে, কিন্তু সেটা আগামীকাল জানাব।

সংবাদ সম্মেলনে বিভিন্ন দলের খেলার ধরন নিয়েও কথা বলেন স্ক্যালোনি। তার মতে, চলমান বিশ্বকাপে ভিন্ন ভিন্ন কৌশল সফল হচ্ছে।

কেউ বল দখলে রেখে আক্রমণ করছে, কেউ পাল্টা আক্রমণে খেলছে, আবার কেউ রক্ষণাত্মক কৌশল নিচ্ছে। শেষ পর্যন্ত জয়ের পথ একটাই নয়। নানা উপায়ে জেতা যায়, তবে শক্তিশালী দলগুলোই শেষ পর্যন্ত টিকে থাকে।

পরে সংবাদ সম্মেলনে আসেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। তিনিও মাকায়া মার্কেসের প্রশংসা করে বলেন, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। ছোটবেলা থেকে তার ধারাভাষ্য শুনে বড় হয়েছি। তাকে এখানে দেখতে পারা আমাদের জন্য গর্বের। আশা করি আমরা এমন পারফরম্যান্স উপহার দিতে পারব, যাতে তিনি মাঠে বসে আরেকটি শিরোপা উদযাপন করতে পারেন।

মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে, নকআউট পর্বকে সামনে রেখে তাকে পুরোপুরি ফিট রাখতেই এই পরিকল্পনা আর্জেন্টিনা দলের। ফলে জর্ডানের বিপক্ষে শুরু থেকে না খেললেও দ্বিতীয়ার্ধে কিছু সময় মাঠে নেমে ছন্দ ধরে রাখার সুযোগ পেতে পারেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

আরটিভি/এসকে