রোববার, ২৮ জুন ২০২৬ , ০২:২১ পিএম
ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির খেলা দেখতে ভালো লাগে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এমনকি তার প্রিয় খেলোয়াড়ও মেসি।
রোববার (২৮ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমি ব্রাজিলের সমর্থক। তবে খেলোয়াড় হিসেবে যদি বলেন, মেসি আমার একজন প্রিয় খেলোয়াড়। একজন স্পোর্টসম্যান হিসেবে সমর্থনের বিষয়টা এক রকম। ছোটবেলা থেকেই ব্রাজিলকে সাপোর্ট করে আসছি।
তিনি বলেন, আমার এই মন্তব্যে আর্জেন্টিনার সমর্থকেরা কিছুটা মন খারাপ করতে পারেন, তবে বিষয়টি কেবলই খেলাধুলার জায়গা থেকে।
এ ছাড়াও বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল ও আর্জেন্টিনার বিশাল সমর্থক গোষ্ঠীর কথা মাথায় রেখে এক দারুণ ফাইনালের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ।
ভাষ্য, গ্রুপ পর্বে কোনো জটিলতা তৈরি না হলে যেন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যেই অনুষ্ঠিত হয়। এর ফলে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত দেশের ফুটবল ভক্তদের উন্মাদনা ও উত্তেজনা ধরে রাখা সম্ভব হবে।
এবারের বিশ্বকাপে ৪৮টি দলের অংশগ্রহণ এবং নতুন দলগুলোর দারুণ পারফরম্যান্স নিয়ে প্রতিমন্ত্রী তার ইতিবাচক মূল্যায়ন তুলে ধরেন।
তিনি বলেন, বিশ্বকাপে অংশ নেওয়া নতুন অনেক দেশ শুরুতেই তাদের সক্ষমতা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে। প্রতিটি ম্যাচই টুর্নামেন্টকে আরও জমিয়ে তুলছে।
আরটিভি/এসআর