images

খেলা

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ব্রাজিলিয়ান নারীকে ধর্ষণের অভিযোগ

রোববার, ২৮ জুন ২০২৬ , ০৯:০০ পিএম

কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক ব্রাজিলিয়ান নারী। নিউজিল্যান্ডে দায়ের হওয়া ওই অভিযোগের পর অভিযোগকারী নারী দাবি করেছেন, ঘটনার পর একাধিকবার কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের কাছে সহায়তা চাইলেও কোনো কার্যকর সহযোগিতা পাননি। প্রতিবেদন গ্লোবো এস্পোর্তের।

ভুক্তভোগীর দাবি, পুলিশে অভিযোগ দায়েরের আগেই তিনি ফেডারেশনের অপারেশনস বিভাগের কর্মকর্তা সল কাবরালকে পুরো ঘটনা জানান। পরে অভিযোগ দায়েরের পর আরও দুজন কর্মকর্তা; তৎকালীন ডেভেলপমেন্ট পরিচালক গেরসন মেলো এবং অপারেশনস বিভাগের ইগো গোমেজের সঙ্গেও যোগাযোগ করেন। তাদের সঙ্গে হওয়া কথোপকথনের স্ক্রিনশটসহ বিভিন্ন নথি কেপ ভার্দে ফুটবল ফেডারেশন ও ফিফার কাছে আইনজীবীদের মাধ্যমে পাঠানো হয়।

ঘটনাটি গত ২৭ মার্চ নিউজিল্যান্ডের অকল্যান্ডে, কেপ ভার্দে দলের অবস্থান করা হোটেলে ঘটে বলে অভিযোগ। সে সময় ফিফা সিরিজ উপলক্ষে নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশনের নিয়োগে দোভাষী ও অপারেশনাল সহায়তাকারী হিসেবে কাজ করছিলেন ওই ব্রাজিলিয়ান নারী।

আরও পড়ুন

undefined

১০ এপ্রিল নিউজিল্যান্ড পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চিকিৎসা প্রতিবেদনে একাধিক আঘাতের উল্লেখ
ঘটনার পর ভুক্তভোগী যৌন সহিংসতার শিকারদের সহায়তাকারী একটি ক্লিনিকে চিকিৎসা নেন এবং ফরেনসিক পরীক্ষা করান। চিকিৎসা প্রতিবেদনে তার ঘাড়, ঠোঁট, স্তন, নিতম্ব ও মাথার বিভিন্ন স্থানে আঘাত এবং যৌনাঙ্গে দুটি বেদনাদায়ক ক্ষতের উল্লেখ রয়েছে। এসব চিকিৎসা নথি নিউজিল্যান্ড পুলিশের কাছে জমা দেয়া হয়েছে। এছাড়া হোটেলে থাকা অবস্থায় শরীরের দৃশ্যমান আঘাতের ছবিও তিনি সংরক্ষণ করেন, যা তদন্তে ব্যবহৃত হচ্ছে।

image

ফিফা ও ফেডারেশনকে নোটিশ
১০ মে অভিযোগকারী ও তার স্বামী কেপ ভার্দে ফুটবল ফেডারেশন এবং ফিফার কাছে আইনি নোটিশ পাঠান। সেখানে অভিযোগ, প্রমাণ এবং বিশ্বকাপ দল থেকে রায়ান মেন্দেসকে বাদ দেয়ার আবেদন জানানো হয়। ২০ মে ফিফার 'সেফগার্ডিং' অভিযোগ ফরমও পূরণ করা হয়। তবে তাদের দাবি, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

কী বলছে সংশ্লিষ্ট পক্ষ?
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিউজিল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যেকোনো ধরনের অসদাচরণের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তবে স্বাধীন বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় অভিযোগ বা তদন্তের বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না।

নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিষয়টি বর্তমানে পুলিশের তদন্তাধীন। অন্যদিকে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন জানিয়েছে, চলমান অভিযোগ নিয়ে তারা কোনো মন্তব্য করবে না। রায়ান মেন্দেসের প্রতিনিধির কাছ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আইনি প্রক্রিয়া
নিউজিল্যান্ডের আইন অনুযায়ী, যৌন সহিংসতার অভিযোগে দোষী সাব্যস্ত হলে অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তদন্ত শেষে পুলিশ যদি পর্যাপ্ত প্রমাণ পায়, তাহলে আদালতে অভিযোগ দাখিল করা হবে। এরপর প্রাথমিক শুনানি, বিচার এবং রায়ের মধ্য দিয়ে মামলার কার্যক্রম এগোবে। প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার বা প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে নিউজিল্যান্ড ও কেপ ভার্দের মধ্যে বর্তমানে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই।

কে এই রায়ান মেন্দেস?
৩৬ বছর বয়সী রায়ান মেন্দেস বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকের হয়ে খেলেন। ক্যারিয়ারে তিনি ফ্রান্সের লিল ও লে আভর, ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্ট, সংযুক্ত আরব আমিরাতের আল-নাসরসহ একাধিক ক্লাবে খেলেছেন। কেপ ভার্দের হয়ে তিনি চারটি আফ্রিকা কাপ অব নেশনস এবং ২০২৬ বিশ্বকাপে অংশ নিচ্ছেন।

আরটিভি/এমএ