সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৩:০৪ এএম
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১–০ গোলে হারিয়েছে সহআয়োজক দেশটি। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে, যোগ করা সময়ের (৯১তম মিনিটে) স্টিভেন ইউস্টাকিওর করা গোলেই জয় নিশ্চিত হয় কানাডার। এটি এবারের বিশ্বকাপে ইউস্টাকিওর প্রথম গোল।
পুরো ম্যাচজুড়েই দুই দলই জমাট লড়াই উপহার দেয়। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির ঠিক আগে কানাডা পেনাল্টির দাবি তুললেও রেফারি এবং পরে ভিএআর সেটি নাকচ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়ার সময় রেফারির দিকে ছুটে যান কানাডার কোচ জেসি মার্শ।
প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকা বলের দখলে এগিয়ে ছিল। ম্যাচের প্রথম ডিহাইড্রেশন ব্রেক পর্যন্ত তাদের দখলে ছিল ৬৫ শতাংশ বল। তবে আক্রমণে বেশি কার্যকর ছিল কানাডা। ২২তম মিনিটে ডেরেক কর্নেলিউসের হেড সরাসরি গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের হাতে চলে যায়।
৪৪তম মিনিটে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় কানাডা। ময়জে বোমবিতোর হেডে গোলরক্ষক লাইনের বাইরে থাকলেও লাইনের ভেতর থেকে অব্রে মদিবা বল ক্লিয়ার করে দক্ষিণ আফ্রিকাকে রক্ষা করেন। একই আক্রমণে কানাডার আরেকটি শটও প্রতিহত করেন গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে আবারও দক্ষিণ আফ্রিকাকে বাঁচান গোলরক্ষক উইলিয়ামস। জোনাথন ডেভিডের জোরালো শট তিনি পা বাড়িয়ে ফিরিয়ে দেন। ফিরতি বল থেকেও গোল হতে দেননি এমবোকাজি।
শেষ পর্যন্ত যখন ম্যাচ গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের প্রথম মিনিটে স্টিভেন ইউস্টাকিও গোল করে কানাডাকে কাঙ্ক্ষিত জয় এনে দেন। সেই একমাত্র গোলেই দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নেয় কানাডা।
এটি ছিল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম নকআউট ম্যাচ। এর আগে তিনবার বিশ্বকাপে খেললেও তারা কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এবার ইতিহাস গড়ে নকআউটে উঠলেও প্রথম বাধাতেই তাদের যাত্রা থেমে গেল।
আরটিভি/এমএইচজে