সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৯:১৪ এএম
বিশ্বকাপের গ্রুপপর্বের ৭২ ম্যাচের রোমাঞ্চ শেষে শুরু হয়েছে নকআউট পর্ব। যেখানে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও সেই পরীক্ষায় সোমবার ( ২৯ জুন) মাঠে নামছে এশিয়ার শক্তিশালী দল জাপানের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় সুখবর, তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে আগের চেয়ে বেশি সময় মাঠে পাওয়ার আশা করছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
তিনি বলেন, গত এক সপ্তাহে তার উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে এখন তিনি আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছেন।
গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে ব্রাজিল। ওই ম্যাচেই প্রায় ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার। ৭৫ মিনিটে বদলি হিসেবে নামলেও এবার জাপানের বিপক্ষে তাকে আরও দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে।
তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি। সর্বশেষ টোকিওতে জাপানের কাছে ৩-২ গোলে হারের স্মৃতিও মনে করিয়ে দেন তিনি।
ব্রাজিল কোচ বলেন, আমাদের অভিজ্ঞতা আছে যে জাপান বিশ্বের অন্যতম সেরা দল। আমরা এই ম্যাচের প্রস্তুতি নিয়েছি ফাইনালের মতো করেই। নকআউট ম্যাচ জিততে যা প্রয়োজন অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি সবকিছুর জন্যই আমরা প্রস্তুত। দল অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী। তবে এই প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই কঠিন।
শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান এই কোচ।
তার ভাষায়, খুব বেশি পরিবর্তন হবে বলে মনে হয় না। শেষ অনুশীলনের পরই সব চূড়ান্ত হবে। আমরা খুব শৃঙ্খলিত একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি এবং মাঠে কী করতে হবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার পরিকল্পনা রয়েছে।
ম্যাচের আগে খেলোয়াড়দের মানসিক অবস্থাও ইতিবাচক বলে জানিয়েছেন আনচেলত্তি। হাস্যরসের সুরে তিনি বলেন, খেলোয়াড়রা নিশ্চয়ই ভালো ঘুমাবে। সম্ভবত প্রধান কোচের চেয়েও ভালো।
এদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো দলকে স্পষ্ট ফেভারিট মানতে নারাজ ব্রাজিল কোচ।
আনচেলত্তির মন্তব্য, গ্রুপপর্বে কিছু দল অন্যদের তুলনায় ভালো খেলেছে। কিন্তু এখনো কোনো দলকে চূড়ান্ত ফেভারিট বলা যায় না। এটি অত্যন্ত কঠিন ও ভারসাম্যপূর্ণ একটি প্রতিযোগিতা।
এখন দেখার বিষয়, নেইমারের সম্ভাব্য দীর্ঘ সময়ের উপস্থিতি ব্রাজিলকে জাপানের কঠিন বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে দিতে কতটা ভূমিকা রাখে।
আরটিভি/এসকে