images

খেলা / ফুটবল

জাপানের বিপক্ষে নেইমার কখন নামবেন জানালেন ব্রাজিল কোচ

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৯:৫৬ এএম

হেক্সা জয়ের লক্ষ্যে নকআউট পর্বে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে দলের অন্যতম তারকা নেইমারকে নিয়ে মুখ খুলেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। 

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার এখন আগের চেয়ে বেশি সময় মাঠে খেলার জন্য প্রস্তুত। তবে তাকে শুরু থেকেই একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই তাকে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে।

আনচেলত্তি বলেন, এটি পুরোপুরি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করছে। ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় আরও বেশি সময় মাঠে কাটানোর জন্য প্রস্তুত। তবে তার পারফরম্যান্স কেমন হবে, সেটিও ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

শুরুর একাদশ নিয়ে প্রশ্নের জবাবে রসিকতা করে ইতালীয় এই কোচ বলেন, কোচের চেয়ে খেলোয়াড়েরাই ভালো ঘুমাতে পারে। ধারণা করা হচ্ছে, আগের ম্যাচে জয় এনে দেওয়া একাদশই ধরে রাখবেন তিনি। ফলে জাপানের বিপক্ষে নেইমারকে বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হতে পারে।

নেইমারের শারীরিক অবস্থার উন্নতির কথাও তুলে ধরেন আনচেলত্তি। তিনি বলেন, নেইমার খুব ভালো উন্নতি করছে। গত সপ্তাহে সে অনেক এগিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে পুরো সময় আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে নিশ্চিতভাবে বলা যায়, সে ১৫ মিনিটের বেশি খেলতে সক্ষম। কতক্ষণ খেলবে, তা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

আরও পড়ুন
neyamr

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

দীর্ঘ ৯৮১ দিন জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি দলে ফিরেছেন নেইমার। ডান পায়ের কাফের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে তিনি খেলেননি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে প্রায় ১৫ মিনিট খেলেন। এবার জাপানের বিপক্ষে তাকে আরও দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে বলে আশা করছেন সমর্থকরা।

আরটিভি/এসকে