images

খেলা / ফুটবল

বিশ্বকাপের শিরোপার দাবিদার কারা, জানালেন রোনালদো

সোমবার, ২৯ জুন ২০২৬ , ১২:৪৩ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই শিরোপার সম্ভাব্য দাবিদারদের তালিকা প্রকাশ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তার মতে, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তবে নিজের দেশ ব্রাজিলকেও শিরোপার দৌড় থেকে বাদ দিতে নারাজ তিনি।

জাপানের বিপক্ষে ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচের আগে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনা দারুণ ফুটবল খেলছে। তারা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আর জার্মানি সব সময়ই বিপজ্জনক। এই চার দলই ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।

রোনালদোর মতে, ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন অনেকটাই নির্ভর করছে নেইমারের ওপর। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে ৩৪ বছর বয়সী এই তারকা বিশ্বকাপে ফিরেছেন। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ মিস করার পর স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে প্রায় তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি।

ব্রাজিল কিংবদন্তি বলেন, নেইমারই এই দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার। তার মতো ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য বর্তমান দলে আর কারও নেই। সে এখন পুরোপুরি ফিট এবং চিকিৎসকদের ছাড়পত্রও পেয়েছে। আমি বিশ্বাস করি, নকআউট পর্বে সে সমালোচকদের জবাব দেবে।

২০০২ বিশ্বকাপে ইনজুরি কাটিয়ে ফিরে ব্রাজিলকে শিরোপা জেতানোর স্মৃতি টেনে রোনালদো বলেন, আমি জানি ইনজুরি থেকে ফিরে বড় মঞ্চে খেলাটা কতটা কঠিন। তাই নেইমারের জন্য আমি রোমাঞ্চিত। তার আর কিছু প্রমাণ করার নেই, তবে নিজের সেরাটা খেলতে পারলে সে সবাইকে ভুল প্রমাণ করবে।

আরও পড়ুন
messi

বিশ্বকাপের গ্রুপ পর্বেই ৩২ নতুন রেকর্ড, একাই ৮টির মালিক মেসি

যদিও এবারের বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ভিনিসিয়ুস জুনিয়র। চার গোল করে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন। তবে রোনালদোর বিশ্বাস, ভিনিসিয়ুসের দুর্দান্ত ফর্মের সঙ্গে নেইমারের অভিজ্ঞতা যোগ হলে ব্রাজিলের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের (হেক্সা) স্বপ্ন আরও শক্তিশালী হবে।

আরটিভি/এসকে