সোমবার, ২৯ জুন ২০২৬ , ০১:৩২ পিএম
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। দেশটির জরুরি উদ্ধার কার্যক্রম ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার সমপরিমাণ।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে ব্যয় করা হবে। দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দিতে এই অর্থ ব্যবহার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভেনেজুয়েলার মানুষের দুর্ভোগ নিয়ে দেওয়া এক বার্তায় নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই ছোট্ট সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।
নেইমারের এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দুর্যোগের এই কঠিন সময়ে তার এমন সহায়তাকে অনেকেই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন।
আরটিভি/এসকে