images

খেলা / ফুটবল

জাপানের বিপক্ষে যে প্রস্তুতি নিয়ে রাখার কথা জানালেন আনচেলত্তি

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০২:১৩ পিএম

নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই এ বিষয়টি ভালোভাবেই জানেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তাই জাপানের বিপক্ষে শেষ ৩২এ গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্যই দলকে প্রস্তুত রেখেছেন এই ইতালিয়ান কোচ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নকআউট পর্বে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে ব্রাজিল। অতিরিক্ত সময়, পেনাল্টি সবকিছুর জন্য আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, এই ধরনের ম্যাচে শুধু পা নয়, মস্তিষ্কও সমানভাবে কাজ করতে হবে। এটি এক লেগের ম্যাচ। হেরে গেলে আর ফিরে আসার সুযোগ নেই।

তবে নিজের খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান ব্রাজিল কোচ। তাঁর ভাষায়, আমার খেলোয়াড়রা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা জানে এই চাপ কীভাবে সামলাতে হয়।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচের আগের শেষ অনুশীলনে পুরো স্কোয়াডকে একসঙ্গে পেয়েছেন আনচেলত্তি। তবে শুরুর একাদশ নিয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দলই জাপানের বিপক্ষে মাঠে নামতে পারে বলে আলোচনা থাকলেও বিষয়টি রহস্যই রেখে দিয়েছেন ব্রাজিলের কোচ।

এ প্রসঙ্গে রসিকতা করে তিনি বলেন, আমি একাদশ ফাঁস করে আপনাদের কাজ সহজ করতে চাই না। তবে যারা খেলবে, তারা আগেই বিষয়টি জেনে গেছে। তাই খেলোয়াড়রা হয়তো কোচের চেয়ে অনেক নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে।

ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর এসেছে নেইমার জুনিয়রকে ঘিরে। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে সংক্ষিপ্ত সময় মাঠে নামা এই তারকা এবার জাপানের বিপক্ষে আরও বেশি সময় খেলতে পারেন।

নেইমারের শারীরিক অবস্থা সম্পর্কে আনচেলত্তি বলেন, নেইমার খুব দ্রুত উন্নতি করছে। গত সপ্তাহের তুলনায় সে এখন অনেক ভালো অবস্থায় রয়েছে। আজ সে নিশ্চিতভাবেই ১৫ মিনিটের বেশি খেলার জন্য প্রস্তুত। তবে কখন তাকে মাঠে নামানো হবে, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও জাপানের বিপক্ষে সাম্প্রতিক স্মৃতি সুখকর নয় সেলেসাওদের। গত বছরের অক্টোবরে একটি প্রীতি ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যেতে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আরও পড়ুন
VINI

অশ্রুভেজা কণ্ঠে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

সেই হতাশার স্মৃতি পেছনে ফেলে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করাই এখন কার্লো আনচেলত্তির শিষ্যদের লক্ষ্য।


আরটিভি/এসকে