বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৯:৩৮ এএম
ফুটবল মাঠে পায়ের জাদুতে কোটি ভক্তকে মুগ্ধ করেছেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। তবে শুধু খেলাতেই নয়, বিশ্বকাপ নিয়ে প্রায় ৮ বছর আগে দেওয়া তার একটি মন্তব্যও এখন নতুন করে আলোচনায় এসেছে।
২০১৮ সালে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছিলেন, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন হলে বাণিজ্যিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং একসময় ম্যাচকে চার ভাগে ভাগ করার চেষ্টাও হতে পারে। তার মতে, এর মূল উদ্দেশ্য হবে বিজ্ঞাপন প্রচারের সুযোগ বাড়ানো।
ম্যারাডোনা তখন স্মরণ করিয়ে দিয়েছিলেন, ১৯৯৪ সালের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ২৫ মিনিট করে চার কোয়ার্টারে ম্যাচ আয়োজনের একটি প্রস্তাব উঠেছিল। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, আমেরিকানরা তো বিজ্ঞাপনের স্বার্থে খেলাটিকে ২৫ মিনিটের চার পিরিয়ডে ভাগ করতে চেয়েছিল।
২০২৬ সালের বিশ্বকাপে (যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে) ম্যাচ চার ভাগে ভাগ করা না হলেও প্রচণ্ড গরমের কারণে নির্ধারিত হাইড্রেশন ব্রেক রাখা হচ্ছে। সেই বিরতির সময় সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন প্রচার করছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ম্যারাডোনার পুরোনো মন্তব্যের সঙ্গে বর্তমান বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন।
তবে উল্লেখ্য, হাইড্রেশন ব্রেকের মূল কারণ খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা এবং উচ্চ তাপমাত্রায় নিরাপদে ম্যাচ পরিচালনা করা। বিজ্ঞাপন সম্প্রচার এই বিরতির একটি বাণিজ্যিক দিক হলেও এটি ফুটবলের নিয়ম পরিবর্তন করে ম্যাচকে চার কোয়ার্টারে ভাগ করার সমতুল্য নয়।
একই সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক নির্বাচন নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন ম্যারাডোনা। মেক্সিকো সম্পর্কে তিনি বলেছিলেন, মেক্সিকো এটা পাওয়ার যোগ্যই না। মেক্সিকানরা যখনই জার্মানি বা ব্রাজিলের মুখোমুখি হয়, ব্যস, ওখানেই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
Holy shit.
— Tancredi Palmeri (@tancredipalmeri) June 29, 2026
Maradona in 2018 on the day the World Cup 2026 was awarded to USA, Mexico and Canada, goes on saying:
“They will do 4 quarters of the game instead of two halves so to put commercials, you’ll see” pic.twitter.com/cLkhZrddPJ
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কানাডার ফুটবল সংস্কৃতি নিয়েও কটাক্ষ করেছিলেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবল নিয়ে খাঁটি আবেগ নেই এবং কানাডিয়ানরা বড়জোর ভালো স্কিইয়ার হতে পারে।
প্রয়াত এই কিংবদন্তির সেই মন্তব্যগুলো আবারও আলোচনায় উঠে এসেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্টে হাইড্রেশন ব্রেকের সময় বিজ্ঞাপন প্রচারের কারণে। তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য দেওয়া হাইড্রেশন ব্রেককে চার কোয়ার্টারে ম্যাচ ভাগ করার প্রস্তাবের সঙ্গে এক করে দেখা ঠিক হবে না।
আরটিভি/এসকে