images

খেলা / ফুটবল

টাইব্রেকারে পেনাল্টি নিতে চাননি ৪ জার্মান ফুটবলার, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৫:৩২ পিএম

চলমান বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম রাউন্ডে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছে জার্মানিকে। দুর্বল দলের কাছে হারের পর সমালোচনায় ভাসছেন জার্মান ফুটবলাররা। এর মাঝেই বেরিয়ে আসলো এক চাঞ্চল্যকর তথ্য।

জার্মান গণমাধ্যম ‘বিল্ড’ জানিয়েছে, টাইব্রেকার সাডেন ডেথে গড়ানোর পর অন্তত চারজন ফুটবলার পেনাল্টি নিতে অস্বীকৃতি জানান।

নির্ধারিত পাঁচটি শট শেষে দুই দলই সমতায় থাকায় ম্যাচ গড়ায় সাডেন ডেথে। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে লিওন গোরেৎস্কা, ভালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন ও মালিক চিয়াও আত্মবিশ্বাসের অভাবে শট নিতে চাননি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও পড়ুন
covered

ব্রাজিল ম্যাচের দিন হাল্যান্ডকে বিশ্রামে যেতে বললেন রদ্রিগো

সবচেয়ে বেশি বিস্ময় তৈরি করেছেন অভিজ্ঞ মিডফিল্ডার গোরেৎস্কা। ৭২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তারকাকে অধিনায়ক জশুয়া কিমিখ দু’বার অনুরোধ করলেও তিনি রাজি হননি। 

শেষ পর্যন্ত দায়িত্ব নিতে বাধ্য হন ডিফেন্ডার জোনাথন টাহ, যদিও পেশাদার ক্যারিয়ারে সেটিই ছিল তার প্রথম পেনাল্টি। চাপের মুখে তার শট লক্ষ্যভ্রষ্ট হলে উল্লাসে ফেটে পড়ে প্যারাগুয়ে, আর হতাশায় ভেঙে পড়ে জার্মানি।

ম্যাচে কাই হাভার্টজ, নিক ভল্টমেড এবং টাহ—এই তিনজনের পেনাল্টি মিসই জার্মানির বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।

বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছিল জার্মানি। কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেয়ার পরও তারা ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। গ্রুপ পর্বে ইকুয়েডরের কাছে হার এবং শেষ পর্যন্ত নকআউটে প্যারাগুয়ের বিপক্ষে বিদায়ের মধ্য দিয়ে আবারও বড় মঞ্চে ব্যর্থতার মুখ দেখল জুলিয়ান নাগেলসম্যানের দল। 

আরটিভি/এসআর