images

খেলা / ফুটবল

ইতিহাস গড়তে যাচ্ছেন স্কালোনি

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০৮:২৩ এএম

সবঠিক থাকলে আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার ডাগআউটে ১০০তম বারের মতো দাঁড়াবেন স্কালোনি। 

২০১৮ সালের ৮ সেপ্টেম্বর রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। তখন লিওনেল মেসির জাতীয় দলে ভবিষ্যৎ নিয়েও ছিল অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে মেসির কাছে শুধু একটি সুযোগ চেয়েছিলেন স্কালোনি। 

সেই সুযোগই বদলে দেয় আর্জেন্টিনার ফুটবলের গল্প। তার অধীনেই দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরা কাটিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপর আসে ফিনালিসিমার সাফল্য, আর ২০২২ কাতার বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ। স্কালোনির হাত ধরেই আন্তর্জাতিক ফুটবলে নতুন এক স্বর্ণযুগে প্রবেশ করে আলবিসেলেস্তেরা।

আরও পড়ুন
Lcopy

শেষ ষোলোর টিকিট পেয়ে অঝোরে কাঁদলেন রোনালদো

এই শততম ম্যাচের পথে আর্জেন্টিনার কোচ হিসেবে ম্যাচ পরিচালনায় তিনি ইতোমধ্যে ছাড়িয়ে গেছেন সিজার লুইস মেনোত্তি, কার্লোস বিলার্ডো, আলফিও বাসিলে এবং মার্সেলো বিয়েলসার মতো কিংবদন্তিদের। 

বর্তমানে আর্জেন্টিনার ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ পরিচালনাকারী কোচ স্কালোনি। এখন তার সামনে রয়েছে আরেকটি বড় রেকর্ড। আর্জেন্টিনার কোচ হিসেবে সর্বাধিক ১২৪ ম্যাচে দায়িত্ব পালন করেছেন গুইলারমো স্তাবিলে। দুই মেয়াদে ১৯৪১ থেকে ১৯৬১ সাল পর্যন্ত প্রায় দুই দশক জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর দাবি, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকার বিষয়ে স্কালোনির সঙ্গে নীতিগত সমঝোতা হয়েছে দেশটির ফুটবল ফেডারেশনের। সেই চুক্তি বাস্তবায়িত হলে স্তাবিলের রেকর্ড ভাঙা তার জন্য কেবল সময়ের অপেক্ষা হতে পারে।

আরটিভি/এসআর