images

খেলা / ফুটবল

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী ঘানার সেই তান্ত্রিকের

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০৭:০০ পিএম

ইংল্যান্ডের ম্যাচে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তার দাবি, শেষ ৩২-এর লড়াইয়ে শক্তিশালী আর্জেন্টিনাকে বিদায় দেবে নবাগত কেপ ভার্দে।

এর আগে ইংল্যান্ডের একটি ম্যাচকে ঘিরে বোন্সাম ব্যাপক আলোচনায় আসেন। ম্যাচ চলাকালে গ্যালারিতে তাকে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। পরে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেইনের ওপর তিনি কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে কেইন ওই ম্যাচে গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে গোল করতে ব্যর্থ হন কেইন এবং ম্যাচটি ড্রয়ে শেষ হয়।

এবার নতুন এক ভবিষ্যদ্বাণী করেছেন বোন্সাম। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।" তবে এই ম্যাচকে ঘিরে তিনি কোনো ধরনের কালো জাদু বা বিশেষ আচার পালন করবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।

আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

এদিকে টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্স দিয়ে ইতোমধ্যেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ রক্ষণভাগ ও গোলকিপিংয়ের নৈপুণ্যে তারা স্পেন ও সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। এছাড়া উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলের ড্র করে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে দলটি।

আরও পড়ুন
ARG

এবার মেসিদের বাঁচাতে সুরক্ষা কবচ ‘আনুলো মুফা’ নিয়ে হাজির আর্জেন্টাইনরা

তবে বোন্সামের এই ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হবে, নাকি মাঠের লড়াইয়েই নির্ধারিত হবে ফল সেটিই এখন দেখার অপেক্ষা।

আরটিভি/এসকে