images

খেলা / ফুটবল

মেসির এক গোলেই বিশ্বকাপে ভাঙল যত রেকর্ড

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৫:৩৭ পিএম

২০২৬ বিশ্বকাপে রেকর্ড গড়েই চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এবার শেষ ষোলোতে কেপ ভার্দের বিপক্ষে গোল করে নিজের নামের পাশে যোগ করলেন আরও কয়েকটি অনন্য অর্জন।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোরে মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে কেপ ভার্দেকে মোকাবিলা করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে মেসির একমাত্র গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

ম্যাচের ২৯তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। মাঝমাঠের সামনে থেকে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের দারুণ এক লম্বা পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নেন তিনি। বল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই নিখুঁত প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে বাম পায়ের শটে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়াকে পরাস্ত করে জালে বল পাঠান আর্জেন্টাইন মহাতারকা।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়েছেন ৩৯ বছর বয়সী মেসি। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের দুটি ভিন্ন আসরে অন্তত সাতটি করে গোল করার কীর্তি গড়েছেন তিনি। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও সাত গোল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

এছাড়া এটি ছিল বিশ্বকাপে মেসির ৩০তম ম্যাচ। চলতি আসরে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে, যা তাকে গোলদাতাদের তালিকার শীর্ষে রেখেছে। সব মিলিয়ে বিশ্বকাপে তার মোট গোল এখন ২০টি, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম কোনো ফুটবলারের ২০ গোলের মাইলফলক স্পর্শের নজির।

শুধু তাই নয়, এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা অষ্টম ম্যাচেও গোল করার রেকর্ড গড়েছেন মেসি। তার এই ধারাবাহিকতা শুরু হয়েছিল ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো পর্ব থেকে।

আরও পড়ুন
MATIYES-MANNA

ক্যামেরার আড়ালে থাকা মানুষটিই আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র

২০২৬ বিশ্বকাপে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখে একের পর এক রেকর্ড ভাঙছেন লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে তার এই গোল শুধু আর্জেন্টিনাকে এগিয়েই দেয়নি, বিশ্বকাপ ইতিহাসেও যোগ করেছে নতুন এক অধ্যায়।

আরটিভি/এসকে