images

খেলা / ফুটবল

আমাকে উপদেশ দেওয়ার যোগ্য ব্যক্তি একজনই আছেন: আনচেলত্তি

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৮:২১ পিএম

সমালোচনার মুখে এবার সরাসরি জবাব দিলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ের পরও দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠায় বিরক্তি প্রকাশ করেছেন ইতালিয়ান এই কিংবদন্তি কোচ। তার মতে, তাকে উপদেশ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি যদি কেউ থাকেন, তবে তিনি শুধু স্যার অ্যালেক্স ফার্গুসন।

তিন দশকেরও বেশি সময়ের কোচিং ক্যারিয়ারে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর হয়ে অসংখ্য শিরোপা জেতা আনচেলত্তিকে সাধারণত শান্ত ও ধীরস্থির হিসেবেই দেখা যায়। স্পেনে এই স্বভাবের কারণেই তার ডাকনাম হয়েছিল ‘দ্য ডন’। তবে এবার সমালোচকদের লাগাতার মন্তব্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

জাপানের বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় পায় ব্রাজিল। ক্যাসেমিরো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোল সেলেসাওদের শেষ ষোলো নিশ্চিত করে। কিন্তু জয় সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ব্রাজিলের খেলার ধরন ও আনচেলত্তির কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। তাদের দাবি, বর্তমান পারফরম্যান্স নকআউট পর্বে ব্রাজিলের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

নিউইয়র্কে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ইতালিতে একটি কথা প্রচলিত আছে সব পুরুষই ফুটবল কোচ হতে চায়, আর সব নারী হতে চায় আর্কিটেক্ট।

এরপর নিজের দীর্ঘ কোচিং অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমি ফুটবল বুঝি কি বুঝি না, তা আমার জানা নেই। তবে এই বিষয়ে আমাকে বিচার করার যোগ্যতা কারও নেই। আমি ১ হাজার ৪০০ এর বেশি ম্যাচে কোচিং করিয়েছি। ফুটবল বোঝার জন্য হয়তো এটিই শেষ কথা নয়, কিন্তু অভিজ্ঞতা হিসেবে এটি মোটেও কম কিছু নয়।

ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রসঙ্গ টেনে আনচেলত্তি আরও বলেন, ফুটবল ইতিহাসে আমার চেয়ে বেশি ম্যাচ ডাগআউটে কাটানোর রেকর্ড আছে স্যার অ্যালেক্স ফার্গুসনের। তিনি ২ হাজারের বেশি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। আমি সবার পরামর্শ শুনি। কিন্তু আমাকে উপদেশ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি যদি কেউ থাকেন, তিনি শুধু স্যার অ্যালেক্স ফার্গুসন।

আরও পড়ুন
brazil

ব্রাজিলকে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে 

নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ের আগে আনচেলত্তির এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরটিভি/এসকে