images

খেলা / ফুটবল

বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড, ইতিহাসের পাতায় আরও উজ্জ্বল মেসি

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৯:৫৪ পিএম

ফিফা ফুটবল বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে ইতিহাসকে নতুন করে লিখে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। নকআউট পর্বে গোল ও অ্যাসিস্টে অবদান রেখে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে এবং ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে।

বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত ১২টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি। এর মধ্যে ৬টি গোল করেছেন নিজে এবং ৬টিতে করেছেন অ্যাসিস্ট। অন্যদিকে পেলে ও এমবাপ্পে নকআউট পর্বে ১১টি করে গোলের সঙ্গে যুক্ত ছিলেন।

এছাড়া বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার পরেই রয়েছেন এমবাপ্পে, যার গোলসংখ্যা ১৮।

নতুন আরেকটি অনন্য কীর্তি গড়ে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। একই সঙ্গে দুটি ভিন্ন বিশ্বকাপে (২০২২ ও ২০২৬) সাত বা তার বেশি গোল করা ইতিহাসের প্রথম ফুটবলারও তিনি। ২০২২ বিশ্বকাপে তার গোল ছিল ৭টি, আর চলমান ২০২৬ আসরেও ইতোমধ্যে করেছেন ৭ গোল।

বিশ্বকাপের নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচে গোল করে ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন মেসি। এর আগে এই কীর্তি গড়েছিলেন হাঙ্গেরির গিওর্গি সারোসি এবং ব্রাজিলের ভাভা। 

বিশ্বকাপে এখন পর্যন্ত ২২টি ভিন্ন দলের বিপক্ষে খেলেছেন মেসি এবং এর মধ্যে ১৪টি দলের বিপক্ষে গোল করতে সক্ষম হয়েছেন।

কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা তৃতীয় সর্বোচ্চ বয়সী খেলোয়াড়ের তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি। ওই ম্যাচে তার বয়স ছিল ৩৯ বছর ৯ দিন। তার আগে রয়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৪২ বছর ৩৯ দিন) এবং পেপে (৩৯ বছর ২৮৩ দিন)। 

আরও একটি অনন্য রেকর্ড গড়ে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলা প্রথম পুরুষ ফুটবলার হয়েছেন মেসি। তার পরেই রয়েছেন রোনাল্ডো, যার বিশ্বকাপ ম্যাচসংখ্যা ২৬। এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও ছোঁয়ার খুব কাছাকাছি তিনি। বর্তমানে তার নকআউট ম্যাচ ১৩টি, যেখানে জার্মানির জার্মানির মিরোস্লাভ ক্লোসা খেলেছেন রেকর্ড ১৪টি ম্যাচ।

অন্যদিকে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির দায়িত্বে ১০০তম ম্যাচ। তার অধীনে এই মাইলফলকে পৌঁছানোর আগে আর্জেন্টিনা ৭২টি জয়, ১৮টি ড্র ও ৯টি পরাজয়ের মুখ দেখেছে। পাশাপাশি দলটি জিতেছে চারটি বড় আন্তর্জাতিক শিরোপা কোপা আমেরিকা ২০২১, ফিনালিসিমা ২০২২, বিশ্বকাপ ২০২২ এবং কোপা আমেরিকা ২০২৪।

বিশ্বকাপ ইতিহাসে অতিরিক্ত সময়ে সর্বাধিক ১২টি ম্যাচ জয়ের রেকর্ডেও এখন যৌথভাবে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ও জার্মানি।

আরও পড়ুন
infantino-messi

আর্জেন্টিনার জন্য ‘টেনশন’ হচ্ছিলো ফিফা সভাপতির!

এদিকে চলতি বিশ্বকাপের নকআউট পর্বে অংশ নিয়ে ৪০ বছর বা তার বেশি বয়সী পঞ্চম খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ম্যাচের দিন তার বয়স ছিল ৪০ বছর ৩০ দিন। এই তালিকায় তার আগে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মদ্রিচ, এডিন জেকো ও ম্যানুয়েল নয়্যার।

আরটিভি/এসকে