মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৪:৪৬ এএম
ফুটবলের প্রতি টান থাকলে দূরত্ব কেবল একটি সংখ্যা মাত্র। এর বড় প্রমাণ দিলেন দুই বাংলাদেশি ফুটবল ভক্ত। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে সামনাসামনি দেখার স্বপ্নপূরণ করতে তারা পাড়ি দিয়েছেন প্রায় ৮৩৫০ মাইল পথ।
ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে রোনালদোর খেলা দেখতে আসা এই দুই সমর্থকের হাতে থাকা একটি প্ল্যাকার্ড বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্ল্যাকার্ডে লেখা, ‘৮,৩৫০ মাইল পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে এসেছি রোনালদোকে দেখার জন্য।’
প্রিয় খেলোয়াড়ের প্রতি এই গভীর অনুরাগ ও আবেগ দেখে মুগ্ধ নেটিজেনরা। গ্যালারিতে বসে থাকা এই দুই ভক্তের মুখে যেমন ছিল হাসির আভা, তেমনই ছিল প্রিয় দলের জন্য সমর্থন। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে এসে প্রিয় তারকার খেলা দেখার এই অভিজ্ঞতা তাদের কাছে নিশ্চয়ই আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
ফুটবল বিশ্বের অগণিত ভক্তের কাছে রোনালদো শুধু একজন খেলোয়াড় নন, বরং অনুপ্রেরণার উৎস। আর এই দুই বাংলাদেশি ভক্তের কাণ্ড আবারও প্রমাণ করল, ভালোবাসার মানচিত্রে দূরত্ব বলে কিছু নেই, থাকে শুধু প্রিয় গন্তব্যে পৌঁছে যাওয়ার গল্প।
আরটিভি/এসএস