images

খেলা

ব্রাজিলের পরাজয়, বাংলাদেশি ভক্তদের বার্তা দিলেন রাষ্ট্রদূত

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৫:০৯ এএম

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস। বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘ব্রাজিলের হলুদ জার্সি আবার ঝলমল করবে। 

সোমবার (৬ জুলাই) এক বার্তায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ‘ফুটবলে এমন কিছু মুহূর্ত আসে, যখন নীরবতা কথার চেয়েও জোরালোভাবে কিছু বলে। শেষ বাঁশি বাজার পর বিশ্বজুড়ে লাখো ব্রাজিলিয়ানের হৃদয়ে হতাশা নেমে এসেছে।’

তিনি বলেন, ব্রাজিলের জার্সি পরা, পতাকা ওড়ানো, খেলোয়াড়দের জন্য গান গাওয়া এবং অকৃত্রিম আবেগ নিয়ে দলটির পাশে থাকার জন্য বাংলাদেশি সমর্থকদের প্রতি তিনি কৃতজ্ঞ।

জাতীয় দলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা ব্রাজিলের মানুষকে গভীরভাবে স্পর্শ করে বলেও উল্লেখ করেন তিনি।

বার্তার শেষাংশে তিনি বলেন, ‘হলুদ জার্সি আবার ঝলমল করবে। সুর ফিরে আসবে। আনন্দ ফিরে আসবে।

আর যখন ব্রাজিল আবার জেগে উঠবে, আমরা তাদের স্মরণ করব, যারা সবচেয়ে কঠিন রাতে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন।’

আরটিভি/এসএস