মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৮:৫৬ এএম
মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশে তিনটি পরিবর্তনের পরিকল্পনা করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মূল লক্ষ্য, দলের অধিনায়ক লিওনেল মেসির ওপর থেকে বাড়তি দায়িত্ব কমিয়ে পুরো দলকে আরও কার্যকর করে তোলা।
মঙ্গলবারের(৭ জুলাই) ম্যাচকে সামনে রেখে কেনেসো স্টেট ইউনিভার্সিটিতে ম্যাচের সময় অনুযায়ী অনুশীলন করেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুত হওয়া দলটির অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন স্কালোনি।
কোচ মনে করেন, বল হারানোর পর দ্রুত প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারলে দলের খেলার গতি বাড়বে এবং মেসির ওপর নির্ভরশীলতাও কমবে। সেই ভাবনা থেকেই একাদশে তিনটি পরিবর্তন আনছেন তিনি।
প্রথম পরিবর্তন আসছে রক্ষণভাগে। ফাকুন্দো মেদিনার পরিবর্তে ফিরছেন অভিজ্ঞ বাঁ-ব্যাক নিকোলাস তালিয়াফিকো। কেপ ভের্দের বিপক্ষে ম্যাচে মেদিনার পায়ে টান ধরায় তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাঝ মাঠে থিয়াগো আলমাদার জায়গায় খেলবেন লিয়ান্দ্রো পারেদেস। সংবাদ সম্মেলনে স্কালোনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পারেদেসকে নিয়ে রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের সমন্বয়ে গড়ে উঠবে পরিচিত মিডফিল্ড, যা কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে সফল হয়েছিল।
আক্রমণভাগেও পরিবর্তন আসছে। লাউতারো মার্তিনেজের জায়গায় একাদশে সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ। চোট কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ড বল হারানোর পর দ্রুত প্রেসিংয়ে বেশি কার্যকর হওয়ায় তাকে শুরু থেকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ।
মিশরের বিপক্ষে জয় পেলেই কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে যাবে আর্জেন্টিনা। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে আরও ভারসাম্যপূর্ণ দল গড়তে চাইছেন স্কালোনি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: মার্তিনেজ,নাহুয়েল মলিনা, রোমেরো, লিসান্দ্রো, তালিয়াফিকো, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার,লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
আরটিভি/এসকে