মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৩:০৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার হিসেবে দেওয়া আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির অটোগ্রাফ সংবলিত জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সংগ্রহে না রেখে সাধারণ মানুষের দেখার জন্য জার্সিটি জাদুঘরে প্রদর্শনের উদ্যোগ নেওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী উপহার হিসেবে আর্জেন্টিনার তিন তারকা লিওনেল মেসি, এঞ্জো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের অটোগ্রাফ সংবলিত একটি অরিজিনাল জার্সি পান। পরে সেটি সাধারণ দর্শনার্থীদের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরে উপহার দেন। বর্তমানে জাদুঘরের নিচতলার লবিতে জার্সিটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ফুটবলপ্রেমী জাদুঘরে এসে জার্সিটি দেখছেন এবং স্মৃতি হিসেবে ছবি তুলছেন।
সিলেট থেকে সন্তানকে নিয়ে আসা এক অধ্যাপক জানান, বাবা-ছেলে দুজনেই আর্জেন্টিনার সমর্থক। কাছ থেকে মেসির অটোগ্রাফ সংবলিত জার্সি দেখতে পেরে তারা আনন্দিত।
অন্যদিকে, জামালপুরের শামীম রানা অফিস থেকে ছুটি নিয়ে টাঙ্গাইল হয়ে ঢাকায় এসেছেন শুধুমাত্র প্রিয় তারকার স্বাক্ষর করা জার্সিটি একনজর দেখার জন্য।
দর্শনার্থীরা বলছেন, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া এই বিশেষ জার্সিটি এখন সাধারণ মানুষও দেখতে পারছেন, যা তাদের জন্য আনন্দের এবং স্মরণীয় একটি সুযোগ।
জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার মনিরুল ইসলাম বলেন, বিশ্বকাপ পর্যন্ত জার্সিটি নিচতলার লবিতেই প্রদর্শন করা হবে। পরে এটি স্থায়ীভাবে কোন গ্যালারিতে সংরক্ষণ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশের বিপুলসংখ্যক ব্রাজিল সমর্থকদের কথা বিবেচনা করে ব্রাজিলের কোনো কিংবদন্তি ফুটবলারের স্বাক্ষর করা জার্সিও সংগ্রহ ও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
আরটিভি/এসকে