মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৮:১২ পিএম
শেষ ষোলোর ম্যাচে ইনজুরি সময়ে মিকেল মেরিনোর একমাত্র গোলে পর্তুগালকে হারিয়ে ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। সেই সঙ্গে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছে দলটি।
ইতিহাসের প্রথম দল হিসেবে ফিফা বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল হজম না করে রেকর্ড গড়ল স্পেন। ২০২২ বিশ্বকাপে ১টি এবং ২০২৬ বিশ্বকাপে ৫ ম্যাচে কোনো গোল খায়নি তারা (টাইব্রেকার বাদে)।
এক বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে কোনো গোল হজম না করার ক্ষেত্রে ১৯৯০ সালের ইতালির পাশে নাম লেখাল স্পেন। ২০০৬ সালে রাউন্ড অফ ১৬-এ ফ্রান্সের কাছে হারের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে নির্ধারিত সময়ে কোনো ম্যাচ হারেনি স্পেন।
পেনাল্টিতে গড়ানো ম্যাচগুলো আনুষ্ঠানিকভাবে ড্র হিসেবে বিবেচিত হয়। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বর্তমানে টানা ৩৫ ম্যাচ অপরাজিত আছে স্পেন। ২৬ জয়ের সঙ্গে ৯টি ম্যাচ ড্র করেছে তারা। এটি স্পেনের ইতিহাসে দীর্ঘ সময় ধরে অপরাজিত থাকার রেকর্ড।
২০২২ বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বকাপে টানা ৬০৯ মিনিট কোনো গোল হজম করেননি স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। ২০২৬ বিশ্বকাপে একমাত্র গোলরক্ষক হিসেবে সিমোনের ‘সেভ রেট’ বা গোল ঠেকানোর হার শতভাগ সফল। গোলের উদ্দেশ্যে নেওয়া ৬টি শটের সবকটিই প্রতিহত করেছেন তিনি।
বিশ্বকাপের এক আসরে অন্তত ৫০০ মিনিট খেলা গোলরক্ষকদের মধ্যে গত ৬০ বছরের ইতিহাসে গোল হজম না করার পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক ‘সেভ’ করার রেকর্ডের মালিক এখন সিমোন।
আরটিভি/এসআর